দেশে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ জন্য সরকারের ব্যয় হবে প্রায় ১ হাজার ৪৩৭ কোটি ৫৫ লাখ টাকা।
বুধবার রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের জুলাই মাসের শেষার্ধে সরবরাহের জন্য আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে দুটি এলএনজি কার্গো সংগ্রহ করা হবে, যাতে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ করা যায়।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, একটি কার্গো এলএনজি সরবরাহ করবে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এবং অপর কার্গো সরবরাহ করবে যুক্তরাজ্যভিত্তিক টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, পেট্রোবাংলার সুপারিশের ভিত্তিতে তাৎক্ষণিক গ্যাসের চাহিদা পূরণ এবং বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও গৃহস্থালি পর্যায়ে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এ ক্রয়প্রস্তাব উত্থাপন করা হয়।
সরকারের আশা, নতুন এই এলএনজি আমদানির মাধ্যমে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের স্থিতিশীলতা বজায় রাখা এবং বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ঘাটতি কমানো সম্ভব হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!