পুনর্গঠন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং আমানতকারীদের অর্থ পরিশোধ নিশ্চিত করতে চারটি আর্থিক প্রতিষ্ঠানকে সর্বোচ্চ তিন মাস সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাংক রেজুলেশন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাংক রেজুলেশন আইন, ২০২৫-এর ধারা ১৫ অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এ বিশেষ সময় দেওয়া হয়েছে।
বিশেষ সময় পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পরিচালনা পর্ষদের অঙ্গীকারের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর অবস্থা থেকে কার্যকর অবস্থায় ফিরিয়ে আনতে এই সময় দেওয়া হয়েছে।
নির্ধারিত তিন মাসের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব পরিচালনা পর্ষদ ও স্পন্সর শেয়ারহোল্ডারদের মাধ্যমে নতুন মূলধন সংযোজন এবং প্রয়োজনীয় তারল্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি সম্পদ ও সম্পত্তি বিক্রি, বকেয়া ঋণ আদায় এবং খেলাপি ঋণ পুনঃতফসিল বা নিষ্পত্তির মাধ্যমে শ্রেণিকৃত ঋণের হার কমিয়ে সাধারণ ও ব্যক্তিগত আমানতকারীদের অর্থ পরিশোধের ব্যবস্থা করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব শর্তের যেকোনো একটি বা একাধিক পূরণে ব্যর্থ হলে ব্যাংক রেজুলেশন আইন, ২০২৫-এর বিধান অনুযায়ী ব্যাংক রেজুলেশন বিভাগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় রেজুলেশন কার্যক্রম শুরু করবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!