অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আপডেট: জুলা ০২, ২০২৬ : ০৪:৫২ এএম
২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স

সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের তুলনায় এ প্রবাহ বেড়েছে ১৭ দশমিক ৩ শতাংশ। দেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ বার্ষিক রেমিট্যান্স।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। সেই তুলনায় সদ্য সমাপ্ত অর্থবছরে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, রেকর্ড পরিমাণ এ রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং বাহ্যিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি প্রবাসী বাংলাদেশিদের ধারাবাহিক অবদানের প্রতিফলন।

তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন মাসে দেশে এসেছে ২ দশমিক ৮০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স। আগের বছরের একই মাসে এ পরিমাণ ছিল ২ দশমিক ৮২৩ বিলিয়ন ডলার। ফলে বছরওয়ারি হিসাবে জুনে রেমিট্যান্স প্রবাহ শূন্য দশমিক ৬ শতাংশ কমেছে।

তবে অর্থবছরের শেষ দিন ৩০ জুন একদিনেই প্রবাসীরা দেশে ১২০ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জুন মাসে সামান্য কমলেও পুরো অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা প্রবাসী আয়ের ইতিবাচক ধারাবাহিকতার ইঙ্গিত দিচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!