আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) ও তেজাবি রুপার (পিওর সিলভার) দাম বাড়ায় দেশের বাজারেও স্বর্ণ ও রুপার অলংকারের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
আজ শুক্রবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবি সোনা ও রুপার মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল ৯টায় কমিটির সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণালংকারের দাম প্রতি গ্রাম ১৯ হাজার ৫৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ১৮ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের ১৬ হাজার ৭০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণালংকারের দাম প্রতি গ্রাম ১৩ হাজার ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, ২২ ক্যারেট হলমার্ককৃত রুপার অলংকারের দাম প্রতি গ্রাম ৪২০ টাকা, ২১ ক্যারেটের ৪০০ টাকা, ১৮ ক্যারেটের ৩৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার অলংকারের দাম প্রতি গ্রাম ২৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, অলংকারের নকশাভেদে মজুরি পৃথকভাবে যুক্ত হবে। তবে নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট নেওয়া যাবে না।
সংগঠনটি আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!