অর্থনীতি

মাছ–মুরগির দাম বেড়েছে, সবজির বাজারে স্বস্তি

আপডেট: জুলা ০৪, ২০২৬ : ০৫:১০ এএম
মাছ–মুরগির দাম বেড়েছে, সবজির বাজারে স্বস্তি

রাজধানীর খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে মাছ ও মুরগির দাম কিছুটা বেড়েছে। তবে মৌসুমি সবজির বাজারে বড় ধরনের পরিবর্তন নেই। গরুর মাংসের দামও আগের অবস্থায় রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, মাসের শুরুতে সরবরাহ কমে যাওয়ায় মাছ ও মুরগির দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

শনিবার রাজধানীর রামপুরা, গুলশান, বাড্ডাসহ কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, কাঁকরোল, ধুন্দল, চিচিঙ্গা, পটল, ঝিঙে ও পেঁপেসহ বেশির ভাগ মৌসুমি সবজি প্রতি কেজি ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে লম্বা ও গোল বেগুনের দাম বেড়ে কেজিপ্রতি ১০০ টাকায় উঠেছে, যা এক সপ্তাহ আগে ছিল প্রায় ৮০ টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৩০ থেকে ১৪০ টাকায়।

মাছের বাজারে সবচেয়ে বেশি দাম ইলিশের। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়। ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশের দাম কেজিতে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা।

এ ছাড়া মাঝারি আকারের রুই ও কাতল মাছ প্রতি কেজি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহের ব্যবধানে ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে। তেলাপিয়ার দাম বেড়ে হয়েছে প্রতি কেজি ২৭০ টাকা। সিলভার কার্পসহ অন্যান্য দেশি–বিদেশি মাছের দামও কিছুটা বেড়েছে।

রামপুরা বাজারের মাছ বিক্রেতা সুপন বর্মণ বলেন, ইলিশের দাম অপরিবর্তিত থাকলেও রুই, কাতল ও তেলাপিয়ার দাম কয়েক দিনের ব্যবধানে বেড়েছে। আড়তে সরবরাহ কম থাকায় বেশি দামে মাছ কিনতে হচ্ছে।

মুরগির বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহের তুলনায় ১০ থেকে ১৫ টাকা বেশি। সোনালি মুরগির দাম বেড়ে হয়েছে প্রতি কেজি ৩৪০ থেকে ৩৫০ টাকা। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। তবে গরুর মাংসের দাম আগের মতোই রয়েছে।

জোয়ার সাহারা বাজারের এক বিক্রেতা সুমন বলেন, মাসের শুরুতে সরবরাহের তারতম্যের কারণে প্রায়ই দাম কিছুটা বাড়ে। তবে চাহিদায় তেমন প্রভাব পড়ে না।

ক্রেতাদের ভাষ্য, সবজির বাজার তুলনামূলক সহনীয় থাকলেও মাছ ও মুরগির বাড়তি দাম সংসারের ব্যয় বাড়িয়ে দিচ্ছে। রামপুরা বাজারে কেনাকাটা করতে আসা জাকির হোসেন বলেন, সবজির দাম মোটামুটি স্বাভাবিক আছে, কিন্তু মাছ কিনতে আগের চেয়ে বেশি খরচ হচ্ছে।

আরেক ক্রেতা মো. ইবরাহিম বলেন, আয় না বাড়লেও নিত্যপণ্যের দাম বাড়ছে। এতে সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে।

ব্যবসায়ীরা আশা করছেন, সরবরাহ স্বাভাবিক হলে আগামী সপ্তাহে মাছ ও মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!