অর্থনীতি

ছয় মাসে শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ৫৫৫ কোটি টাকা

আপডেট: জুলা ০৫, ২০২৬ : ০৬:১১ এএম
ছয় মাসে শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ৫৫৫ কোটি টাকা

২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি–জুন) দেশের পুঁজিবাজারে ফ্রি-ফ্লোট শেয়ারের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির সম্মিলিত বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ৫৫৫ কোটি টাকা। এ সময়ে তালিকাভুক্ত শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে আটটির বাজারমূল্য বেড়েছে, আর কমেছে দুটি কোম্পানির।

সর্বশেষ তথ্য অনুযায়ী, জুন শেষে শীর্ষ ১০ কোম্পানির মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৯৭৭ কোটি টাকা। গত বছরের ডিসেম্বর শেষে এই মূল্য ছিল ১ লাখ ১২ হাজার ৪২২ কোটি টাকা। ছয় মাসের ব্যবধানে বাজার মূলধনে প্রায় ৮ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

ফ্রি-ফ্লোট বাজার মূলধনের হিসাবে দেশের শীর্ষ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস। জুন শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৫৭ কোটি টাকা, যা গত ডিসেম্বর শেষে ছিল ১৭ হাজার ৬০৫ কোটি টাকা। অর্থাৎ ছয় মাসে কোম্পানিটির বাজারমূল্য বেড়েছে ২ হাজার ২৫২ কোটি টাকা।

একই সময়ে ব্র্যাক ব্যাংকের বাজার মূলধন ১২ হাজার ৫৬৩ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১৪ হাজার ৯৯৭ কোটি টাকা। ফলে ব্যাংকটির বাজারমূল্য বেড়েছে ২ হাজার ৪৩৪ কোটি টাকা।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৭১৮ কোটি টাকা। ডিসেম্বরের ৪ হাজার ৫৫৫ কোটি টাকা থেকে জুন শেষে তা দাঁড়িয়েছে ৬ হাজার ২৭২ কোটি টাকায়।

পূবালী ব্যাংকের বাজারমূল্য ছয় মাসে ১ হাজার ৭৪১ কোটি টাকা বেড়ে ৫ হাজার ৭৬৩ কোটি টাকায় পৌঁছেছে। একই সময়ে সিটি ব্যাংকের বাজার মূলধন ১ হাজার ৮৮৬ কোটি টাকা বেড়ে ৫ হাজার ৫৯৮ কোটি টাকায় দাঁড়িয়েছে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন বেড়ে হয়েছে ১৩ হাজার ৩৬৬ কোটি টাকা, যা ডিসেম্বর শেষে ছিল ১২ হাজার ৫৫৯ কোটি টাকা। অর্থাৎ কোম্পানিটির বাজারমূল্য বেড়েছে ৮০৬ কোটি টাকা।

গ্রামীণফোনের বাজার মূলধন ৩৪ হাজার ৮২৪ কোটি টাকা থেকে বেড়ে ৩৫ হাজার ৫৪ কোটি টাকায় পৌঁছেছে। এ সময়ে প্রতিষ্ঠানটির বাজারমূল্য বেড়েছে ২৩০ কোটি টাকা।

ইস্টার্ন ব্যাংকের বাজার মূলধনও বেড়েছে ২১৫ কোটি টাকা। জুন শেষে ব্যাংকটির বাজারমূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩ কোটি টাকা।

অন্যদিকে, আলোচ্য সময়ে দুটি প্রতিষ্ঠানের বাজার মূলধন কমেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশের বাজারমূল্য ৫ হাজার ২৮১ কোটি টাকা থেকে কমে ৫ হাজার ১২০ কোটি টাকায় নেমেছে। এতে ব্যাংকটির বাজার মূলধন কমেছে ১৬১ কোটি টাকা।

সবচেয়ে বেশি বাজারমূল্য হারিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি)। কোম্পানিটির বাজার মূলধন ১৩ হাজার ৪২৪ কোটি টাকা থেকে কমে ১১ হাজার ৮৫৮ কোটি টাকায় নেমেছে। ফলে ছয় মাসে প্রতিষ্ঠানটির বাজারমূল্য কমেছে ১ হাজার ৫৬৬ কোটি টাকা।

বিশ্লেষকদের মতে, ব্যাংক ও ওষুধ খাতের কয়েকটি শেয়ারের শক্তিশালী পারফরম্যান্সের কারণে শীর্ষ কোম্পানিগুলোর সম্মিলিত বাজার মূলধনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এসেছে। যদিও কিছু প্রতিষ্ঠানের বাজারমূল্য কমেছে, তবু অধিকাংশ বড় কোম্পানির মূল্যবৃদ্ধির কারণে সামগ্রিকভাবে ইতিবাচক চিত্র দেখা গেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!