অর্থনীতি

জাতীয় উন্নয়নের ভিত্তি নির্ভরযোগ্য তথ্য, বিবিএসকে আরও শক্তিশালী করার আহ্বান

আপডেট: জুলা ০৬, ২০২৬ : ০৫:৫৭ এএম
জাতীয় উন্নয়নের ভিত্তি নির্ভরযোগ্য তথ্য, বিবিএসকে আরও শক্তিশালী করার আহ্বান

সঠিক পরিকল্পনা প্রণয়ন ও কার্যকর উন্নয়ন ব্যবস্থাপনার জন্য নির্ভরযোগ্য তথ্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সরকারি পরিসংখ্যানের প্রতি জনগণের আস্থা বাড়াতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সক্ষমতা, পেশাদারিত্ব এবং তথ্য প্রকাশের স্বাধীনতা আরও জোরদার করতে হবে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার, বিবিএসের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. মীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, বিবিএসের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নের লক্ষ্যে সংস্থাটির সাংগঠনিক কাঠামো ও নিয়োগবিধি হালনাগাদ করা প্রয়োজন। একই সঙ্গে গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং সরকারি নীতিনির্ধারণে সরকারি পরিসংখ্যানের কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরে আগারগাঁওয়ে বিবিএসের প্রধান কার্যালয়ে স্থাপিত মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব উদ্বোধন করেন অর্থমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নতুন এই ল্যাবের মাধ্যমে গবেষক, শিক্ষার্থী, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকেরা নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশে জাতীয় শুমারি ও জরিপের নাম-পরিচয়বিহীন মাইক্রোডাটা বিশ্লেষণের সুযোগ পাবেন।

আমির খসরু বলেন, বিবিএস নিয়মিত বিপুল পরিমাণ মাইক্রোডাটা উৎপাদন করে। নতুন এই ল্যাব তথ্যকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও গবেষণাবান্ধব উপায়ে ব্যবহারের সুযোগ সৃষ্টি করবে। গবেষণা, থিসিস, নীতি বিশ্লেষণ, কর্মসূচি মূল্যায়ন এবং প্রমাণভিত্তিক পরিকল্পনা প্রণয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, ‘ডাটা থেকে জ্ঞান, জ্ঞান থেকে উন্নয়ন’—এই লক্ষ্য বাস্তবায়নে বিবিএসের মাইক্রোডাটা বিশ্লেষণ ল্যাব তথ্যনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে সরকারি তথ্য ব্যবহারের সুযোগ জনগণের জন্য উন্মুক্ত করায় বিবিএসকে ধন্যবাদ জানান তিনি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, এই ল্যাব গবেষক, শিক্ষার্থী, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এর মাধ্যমে জাতীয় তথ্যের ব্যবহার আরও কার্যকর হবে এবং গবেষণার মান উন্নত হবে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার বলেন, মাইক্রোডাটায় প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি উত্তরদাতাদের গোপনীয়তা রক্ষা সমান গুরুত্বপূর্ণ। বিবিএসের এই ল্যাব নিরাপদ তথ্য ব্যবহার, দায়িত্বশীল গবেষণা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করার একটি কার্যকর মডেল হিসেবে কাজ করবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!