মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। বুধবার লেনদেন শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম প্রায় ২ দশমিক ৫০ শতাংশ বৃদ্ধি পায়।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর বাজারে এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। বিশ্বের অন্যতম প্রধান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৬৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ২৯ মার্কিন ডলারে পৌঁছেছে। এর আগের দিন মঙ্গলবারও ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৭৬ শতাংশ বেড়েছিল।
মার্কিন সামরিক বাহিনীর তথ্যমতে, হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এরপরই আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা দেয়।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালীসংলগ্ন বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কেশম দ্বীপে ছয়টি, সিরিক শহরে সাতটি এবং গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসেও কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
তবে সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধির পরও আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখনো ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর সময়ের সর্বোচ্চ অবস্থানের তুলনায় নিচে রয়েছে। সে সময় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে সীমিত হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছিল।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!