অর্থনীতি

বেসরকারি খাতে নতুন বিনিয়োগে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

আপডেট: জুলা ০৯, ২০২৬ : ০৫:৪৯ এএম
বেসরকারি খাতে নতুন বিনিয়োগে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

শিল্প, পাট ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কর্মসংস্থান বৃদ্ধি ও শিল্পায়ন ত্বরান্বিত করতে সরকার বেসরকারি খাতে নতুন বিনিয়োগে প্রয়োজনীয় সহায়তা দেবে। তাঁর মতে, ব্যবসা পরিচালনায় বেসরকারি খাতের দক্ষতা ও কার্যকারিতা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তুলনায় বেশি হওয়ায় বিনিয়োগের পরিবেশ আরও সহজ করা প্রয়োজন।

বৃহস্পতিবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) ও বাংলাদেশ জুট অ্যালায়েন্স লিমিটেডের মধ্যে জমি লিজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার বিভিন্ন খাতে দ্রুত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় অনেক সময় অদক্ষতা দেখা যায়। অন্যদিকে বেসরকারি খাতে দৈনন্দিন ব্যবস্থাপনা ও পরিচালন দক্ষতা তুলনামূলক বেশি। তাই এ খাতে বিনিয়োগ সহজ করা গেলে কর্মসংস্থানও বাড়বে।

অনুষ্ঠানে নরসিংদীর বাংলাদেশ জুট মিলস লিমিটেডের অতিরিক্ত ১৪ দশমিক ৮০ একর জমি বাংলাদেশ জুট অ্যালায়েন্স লিমিটেডের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে বন্ধ পাটকলগুলোতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত উৎপাদন বন্ধ থাকা ২৫টি মিলের মধ্যে ২০টি লিজের জন্য নির্বাচন করা হয়েছে। ইতোমধ্যে ১৪টি মিলের লিজ চুক্তি সম্পন্ন হয়েছে এবং ৯টি মিলে উৎপাদন শুরু হয়েছে।

তিনি জানান, বর্তমানে এসব মিলে প্রায় ৯ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান হয়েছে এবং প্রতিদিন প্রায় ১৬০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নরসিংদীর বাংলাদেশ জুট মিলস লিমিটেডে আগে ৩৪ দশমিক ৫০ একর জমি লিজ নিয়ে উৎপাদন শুরু করেছে বাংলাদেশ জুট অ্যালায়েন্স লিমিটেড। সেখানে প্রতিদিন প্রায় ৪০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে এবং প্রায় ৩ হাজার ২০০ জনের কর্মসংস্থান হয়েছে।

নতুন করে ১৪ দশমিক ৮০ একর জমি লিজ পাওয়ার ফলে প্রতিষ্ঠানটি প্রায় ১ হাজার ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানান শরিফুল আলম। তাঁর ভাষ্য, এর মাধ্যমে বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার পণ্য উৎপাদন এবং আরও প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব ড. খায়রুজ্জামান চৌধুরী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!