অর্থনীতি

হরমুজ উত্তেজনায় এক মাসের সর্বোচ্চে জ্বালানি তেলের দাম

আপডেট: জুলা ১৪, ২০২৬ : ০৬:০৯ এএম
হরমুজ উত্তেজনায় এক মাসের সর্বোচ্চে জ্বালানি তেলের দাম

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা নতুন করে বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। নিরাপত্তা ঝুঁকি ও সরবরাহ–সংক্রান্ত শঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৯১ ডলারে ওঠে, যা গত ১৫ জুনের পর সর্বোচ্চ। এর আগে সোমবারও ব্রেন্টের দাম প্রায় ৯ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

সাম্প্রতিক সংঘাতের মধ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) টানা তৃতীয় দিনের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার ঘোষণা দেয়। এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা তদারকির ঘোষণা দিয়ে ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় অবরোধ আরোপের কথা জানান। একই সঙ্গে এই জলপথ ব্যবহারকারী জাহাজ থেকে ট্রানজিট ফি আদায়ের পরিকল্পনার কথাও বলেন।

জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মেরিনট্র্যাফিকের তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে রোববার পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে মাত্র ৫৭টি জাহাজ চলাচল করেছে, যা আগের সপ্তাহের তুলনায় ৫০ শতাংশের বেশি কম। সংঘাত শুরুর আগে প্রতিদিন গড়ে প্রায় ১৩০টি জাহাজ এই জলপথ ব্যবহার করত।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওপর আরও চাপ সৃষ্টি হতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!