বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আওতাধীন শিল্পাঞ্চলে ২০২৫–২৬ অর্থবছরে ৭১৭ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলারের নতুন বিনিয়োগ প্রস্তাব এসেছে।
এক অর্থবছরে এটিই বেপজার ইতিহাসে সর্বোচ্চ বিনিয়োগ প্রস্তাব। এসব বিনিয়োগ বাস্তবায়িত হলে প্রায় ৭৫ হাজার ৭৪৪ জনের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেপজা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ২০২৫–২৬ অর্থবছরে বেপজার আওতাধীন শিল্পাঞ্চলগুলোর রপ্তানি আগের অর্থবছরের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেড়েছে। এ সময়ে বেপজা অঞ্চল থেকে রপ্তানি হয়েছে ৮ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা দেশের মোট রপ্তানির ১৭ দশমিক ৫১ শতাংশ। আগের অর্থবছরে এ অঞ্চলের রপ্তানি ছিল ৮ দশমিক ২২ বিলিয়ন ডলার।
বেপজার তথ্য অনুযায়ী, চীন, দক্ষিণ কোরিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, সামোয়া ও বাংলাদেশের ৩৬টি প্রতিষ্ঠান নতুন কারখানা স্থাপনের জন্য লিজ চুক্তি করেছে। এসব প্রতিষ্ঠানের বিনিয়োগ প্রস্তাবের পরিমাণ ৭১৭ দশমিক ৭১ মিলিয়ন ডলার।
নতুন বিনিয়োগের বড় অংশ তৈরি পোশাক খাতের বাইরে বহুমুখী শিল্পে যাচ্ছে। এর মধ্যে রয়েছে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য, ব্যাগ, লাগেজ, ব্লুটুথ হেডফোন, ড্রোন, জুতা, চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, কৃষিপণ্য ও গৃহস্থালি সামগ্রী।
বেপজা জানায়, ২০২৫–২৬ অর্থবছরে তাদের আওতাধীন শিল্পাঞ্চলে ২৫ হাজার ১৬৪ জনের নতুন কর্মসংস্থান হয়েছে। ফলে মোট কর্মসংস্থান বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৬৯১ জনে, যা সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ।
সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণেও ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে বেপজা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই–মার্চ) বেপজা অঞ্চলে এফডিআইয়ের নেট প্রবাহ ছিল ২২১ দশমিক ৫৮ মিলিয়ন ডলার, যা একই সময়ে দেশের মোট এফডিআইয়ের প্রায় ১৯ দশমিক ৬১ শতাংশ।
বর্তমানে বেপজার আওতায় আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) এবং একটি অর্থনৈতিক অঞ্চল পরিচালিত হচ্ছে। জুন ২০২৬ পর্যন্ত এসব অঞ্চলে মোট বিনিয়োগের পরিমাণ ৭ দশমিক ৩৭ বিলিয়ন মার্কিন ডলার এবং মোট রপ্তানি ১২৭ দশমিক ৪২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বর্তমানে বেপজার আওতায় ৫৬৬টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৪৫১টি উৎপাদনে রয়েছে এবং ১১৫টি বাস্তবায়নের পর্যায়ে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!