অর্থনীতি

পরিবহন ও লজিস্টিকস খাতে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

আপডেট: জুলা ১৬, ২০২৬ : ০৬:২২ এএম
পরিবহন ও লজিস্টিকস খাতে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

বাংলাদেশের পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। বিশেষ করে বন্দর ব্যবস্থাপনা, কোল্ড স্টোরেজ এবং লজিস্টিকস সাপ্লাই চেইন উন্নয়নে দুই দেশের মধ্যে নতুন অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার রাজধানীর বিনিয়োগ ভবনে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের উচ্চপর্যায়ের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বৈঠকে বিডা, পিপিপি কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে সৌদি উপমন্ত্রী বাংলাদেশের ব্যবসাবান্ধব নীতি ও বেসরকারি খাতকে উৎসাহিত করার উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, সৌদি আরব নিজেকে বৈশ্বিক লজিস্টিকস হাবে পরিণত করতে কাজ করছে এবং আন্তর্জাতিক বিনিয়োগে দেশটির শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে।

ড. রুমাইহ বলেন, বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ আরও বাড়াতে চায় তাঁর দেশ। একই সঙ্গে সৌদি আরবে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশি উদ্যোক্তাদেরও স্বাগত জানানো হবে।

সৌদি বিনিয়োগের সফল উদাহরণ হিসেবে তিনি চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে ‘রেড সি গেটওয়ে টার্মিনাল’-এর কার্যক্রমের কথা উল্লেখ করেন। তাঁর ভাষ্য, টার্মিনালটির ৯৮ শতাংশের বেশি কর্মী বাংলাদেশি। এই অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশের সামুদ্রিক লজিস্টিকস, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে আরও বিনিয়োগের সুযোগ খুঁজছে প্রতিষ্ঠানটি।

বৈঠক শেষে আশিক চৌধুরী বলেন, লজিস্টিকস ও সাপ্লাই চেইন উন্নয়নসহ কয়েকটি অগ্রাধিকার খাতে সৌদি আরবের আগ্রহ বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর্থিক সেবাসহ বিভিন্ন খাতেও সৌদি বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ।

তিনি জানান, সম্ভাব্য বিনিয়োগ বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে কয়েকটি সৌদি প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে কাজ শুরু করেছে বিডা।

দুই দেশের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, চলমান আলোচনা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রা পাবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!