বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধনী এখনো চূড়ান্ত করা হয়নি।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, সংশোধনী প্রস্তাবের খসড়া নিয়ে জনমত যাচাইয়ের প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য বিনিয়োগকারীদের মধ্যে অযাচিত বিভ্রান্তি তৈরি করতে পারে।
বিএসইসি জানায়, সম্প্রতি কমিশনের ১০২০তম সভায় মার্জিন বিধিমালার সংশোধন প্রস্তাবের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। তবে অনুমোদিত খসড়াটি এখনো জনমতের জন্য প্রকাশ করা হয়নি। কমিশন বলেছে, বিদ্যমান বিধিমালা বাস্তবায়নে যেসব ব্যবহারিক জটিলতা দেখা দিয়েছে, সেগুলো দূর করা এবং বিধিমালাকে আরও সহজ, কার্যকর ও বাস্তবসম্মত করাই সংশোধনের মূল উদ্দেশ্য।
বিএসইসি আরও জানায়, সংশোধনী প্রস্তর তৈরির সময় মার্জিন সুবিধা ব্যবহারকারী বিনিয়োগকারী, স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংক, বাজার মধ্যস্থতাকারীসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
কমিশনের লক্ষ্য হলো, বিনিয়োগকারী-সহায়ক ও কার্যকর একটি মার্জিন ব্যবস্থাপনা কাঠামো তৈরি করা। বিএসইসি জানিয়েছে, কমিশন সভায় অনুমোদিত খসড়া বিধিমালাটি শিগগিরই জাতীয় দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে জনমত যাচাইয়ের জন্য প্রকাশ করা হবে। অংশীজন ও সাধারণ মানুষের মতামত পাওয়ার পর প্রয়োজনীয় পর্যালোচনা শেষে সংশোধনী চূড়ান্ত করা হবে।
এ বিষয়ে কমিশন সংশ্লিষ্ট সবাইকে খসড়া প্রকাশের আগে অনুমাননির্ভর বা আংশিক তথ্য প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে।
বিএসইসি বলেছে, প্রকৃত খসড়া প্রকাশের পর বিধিমালার উদ্দেশ্য, পরিধি ও সংশোধনের যৌক্তিকতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। বিনিয়োগকারীদের স্বার্থ ও সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই মার্জিন বিধিমালার সংশোধন করা হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!