আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ইউক্রেনের জন্য প্রায় ৬৯ কোটি মার্কিন ডলার ঋণের কিস্তি ছাড়ের অনুমোদন দিয়েছে। ঋণ কর্মসূচির সর্বশেষ পর্যালোচনা শেষে সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আইএমএফ জানিয়েছে, নতুন এই অর্থ ছাড়ের ফলে ইউক্রেনের জন্য অনুমোদিত ৮ দশমিক ১ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় সংস্থাটির মোট অর্থায়ন প্রায় ২ দশমিক ২ বিলিয়ন ডলারে পৌঁছাবে।
রাশিয়ার সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্যেও ইউক্রেন অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এমন প্রেক্ষাপটে ঋণ কর্মসূচির সর্বশেষ পর্যালোচনা সম্পন্ন করেছে আইএমএফ।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ, বৈশ্বিক অর্থনীতির প্রতিকূল পরিস্থিতি এবং উচ্চমাত্রার অনিশ্চয়তা সত্ত্বেও ইউক্রেন সামষ্টিক অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা ধরে রাখতে সক্ষম হয়েছে।
আইএমএফের মূল্যায়নে, ইউক্রেনের ঋণ কর্মসূচির বাস্তবায়ন সামগ্রিকভাবে সন্তোষজনক রয়েছে। নির্বাহী বোর্ডের বৈঠক শেষে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, যুদ্ধের মধ্যেও ইউক্রেন উল্লেখযোগ্য সহনশীলতার পরিচয় দিচ্ছে। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি ইউক্রেনকে সতর্ক আর্থিক ও মুদ্রানীতি অনুসরণের পাশাপাশি দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সংস্কার অব্যাহত রাখার আহ্বান জানান।
২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেন আন্তর্জাতিক সহায়তার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। আইএমএফের এই নতুন অর্থ ছাড় দেশটির অর্থনীতি সচল রাখা এবং চলমান সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!