অর্থনীতি

আর্থিক অপরাধ দমনে নজরদারি জোরদারের আহ্বান বিমসটেকের

আপডেট: জুলা ২৩, ২০২৬ : ০৪:৫৮ এএম
আর্থিক অপরাধ দমনে নজরদারি জোরদারের আহ্বান বিমসটেকের

অর্থপাচার, সন্ত্রাসে অর্থায়ন ও সাইবারভিত্তিক আর্থিক অপরাধ মোকাবিলায় সদস্য দেশগুলোর সক্ষমতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে বঙ্গোপসাগরীয় বহুমুখী কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ (বিমসটেক)। এ লক্ষ্যে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে আয়োজিত দুই দিনব্যাপী আঞ্চলিক সক্ষমতা উন্নয়ন কর্মসূচি বুধবার শেষ হয়েছে।

বিমসটেকের এক বিবৃতিতে বলা হয়েছে, সংগঠনটির রাজস্ব বিভাগের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে অর্থপাচার প্রতিরোধ, সন্ত্রাসে অর্থায়ন দমন এবং উদীয়মান আর্থিক অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সদস্য দেশগুলোকে পারস্পরিক মূল্যায়নের জন্য প্রস্তুত করার বিষয়েও আলোচনা হয়েছে।

কর্মসূচিতে ভারতের রাজস্ব বিভাগ, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া, সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-ইন্ডিয়া, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ), ইন্টেলিজেন্স ব্যুরো, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিশেষজ্ঞরা অংশ নেন। তারা অংশগ্রহণকারীদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা ভাগাভাগি করেন।

বিবৃতিতে বলা হয়, কর্মসূচির মূল লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর কারিগরি জ্ঞান ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, পরিবর্তিত আর্থিক অপরাধ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা এবং ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থপাচারবিরোধী গ্রুপ (এপিজি)–এর পারস্পরিক মূল্যায়নের জন্য সদস্য দেশগুলোকে প্রস্তুত করা।

আলোচনায় কারিগরি মানদণ্ড বাস্তবায়ন, ঝুঁকিভিত্তিক তদারকি, আর্থিক গোয়েন্দা কার্যক্রম, জাতীয় ঝুঁকি মূল্যায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বেসরকারি খাতের সম্পৃক্ততার মতো বিষয় গুরুত্ব পায়।

বিমসটেক সচিবালয় জানায়, কর্মসূচিতে বেসরকারি খাতের প্রতিনিধিরাও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। প্যানেল আলোচনায় সাইবার প্রযুক্তিনির্ভর আর্থিক অপরাধ, সন্ত্রাসে অর্থায়নের নতুন প্রবণতা, নিয়ন্ত্রক সংস্থাগুলোর করণীয় এবং সীমান্ত–পার সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় হয়।

বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডকে নিয়ে গঠিত বিমসটেক বর্তমানে নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সংযোগ, পর্যটন, দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, ব্লু ইকোনমি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!