অর্থনীতি

জুলাইয়ের ২২ দিনে রেমিট্যান্স ২১৭ কোটি ডলার, বেড়েছে ২৩ শতাংশ

আপডেট: জুলা ২৪, ২০২৬ : ০৫:১২ এএম
জুলাইয়ের ২২ দিনে রেমিট্যান্স ২১৭ কোটি ডলার, বেড়েছে ২৩ শতাংশ

চলতি জুলাই মাসের প্রথম ২২ দিনে দেশে ২১৭ কোটি (২ দশমিক ১৭ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে রেমিট্যান্স প্রবাহ প্রায় ২৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, ১ থেকে ২২ জুলাই পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা দেশে মোট ২ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১ দশমিক ৭৫৯ বিলিয়ন মার্কিন ডলার।

তথ্য অনুযায়ী, শুধু ২১ জুলাই এক দিনেই প্রবাসী বাংলাদেশিরা ৭ কোটি ৫০ লাখ (৭৫ মিলিয়ন) মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম মাসেই রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস রেমিট্যান্স। প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ দেশের আমদানি ব্যয় নির্বাহ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা এবং সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!