অর্থনীতি

সরকারি আমানতের তথ্য ব্যবস্থাপনায় নতুন সেক্টর কোড চালু করল বাংলাদেশ ব্যাংক

আপডেট: জুলা ২৪, ২০২৬ : ০৫:১৭ এএম
সরকারি আমানতের তথ্য ব্যবস্থাপনায় নতুন সেক্টর কোড চালু করল বাংলাদেশ ব্যাংক

সরকারি আমানতের তথ্য আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও শ্রেণিবদ্ধভাবে সংরক্ষণ এবং ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্ট (টিএসএ) ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে নতুন ইকোনমিক সেক্টর কোড (আইডি) চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ–সংক্রান্ত একটি সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, সরকারি নগদ ব্যবস্থাপনা এবং ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টের (টিএসএ) স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ, আমানত গ্রহণকারী নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, সরকারি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি এবং সরকারি পেনশন তহবিলের অফিস ও প্রতিষ্ঠানভিত্তিক বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।

এ উদ্দেশ্যে নতুন কয়েকটি ইকোনমিক সেক্টর কোড বা আইডি প্রণয়ন করা হয়েছে। আগামী জুলাই ২০২৬ মাসের তথ্য থেকে নতুন কোড ব্যবহার করে প্রতি মাসের প্রতিবেদন পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।

তবে জুন ২০২৬ মাসের সরকারি হিসাবসংক্রান্ত আমানতের মাসিক বিবরণী আগের আরআইটি (RIT) পদ্ধতি অনুযায়ী জমা দিতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। সার্কুলারের সঙ্গে নতুন ইকোনমিক সেক্টর কোডের বিস্তারিত ব্যাখ্যা সংবলিত ১৩ পৃষ্ঠার একটি সংযোজনীও যুক্ত করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!