অর্থনীতি

সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা

আপডেট: জুলা ২৪, ২০২৬ : ০৬:২০ এএম
সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও।

আজ শুক্রবার সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, সকালে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ–সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এর আগে এ মানের সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম রাখা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হবে ৪ হাজার ৩৭৪ টাকায়, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।

বাজুস বলেছে, বাজার পরিস্থিতি পর্যালোচনা করেই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!