অর্থনীতি

টানা বৃষ্টিতে কাঁচামরিচের ঝাল, কেজি ৩২০ টাকা

আপডেট: জুলা ২৫, ২০২৬ : ০৫:৪১ এএম
টানা বৃষ্টিতে কাঁচামরিচের ঝাল, কেজি ৩২০ টাকা

টানা বৃষ্টিতে সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীর বাজারে হঠাৎ করেই বেড়েছে কাঁচামরিচের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম প্রায় তিন গুণ বেড়ে এখন কেজিপ্রতি ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম।

শনিবার রাজধানীর পূর্ব রামপুরার বউ বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে নতুন (কচি) কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০০ টাকা, আর পুরোনো (বুড়ো) কাঁচামরিচের দাম ৩২০ টাকা। ব্যবসায়ীরা জানান, মাত্র তিন দিন আগে নতুন কাঁচামরিচের দাম ছিল ২৪০ টাকা। এক সপ্তাহ আগে একই মরিচ বিক্রি হয়েছে ১২০ টাকা কেজি দরে।

ব্যবসায়ীদের ভাষ্য, টানা বৃষ্টিতে মরিচের খেতে পানি জমে যাওয়ায় উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মরিচ পচে গেছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।

কাঁচামরিচের পাশাপাশি সবজির বাজারেও ঊর্ধ্বমুখী দাম দেখা গেছে। বাজারে বেগুন ও ঝিঙা কেজিপ্রতি ১০০ টাকা, ধুন্দল ১০০ টাকা, করলা ১২০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, পটল ৬০ টাকা, শসা ৮০ টাকা, টমেটো ১২০ টাকা, শিম ৩২০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা এবং পেঁপে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া একটি মিষ্টি কুমড়ার দাম ৬০ টাকা, চালকুমড়া ৭০ টাকা, লাউ ৮০ টাকা এবং কাঁচাকলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা মোশাররফ বলেন, টানা বৃষ্টিতে মরিচের বাগান পানিতে তলিয়ে গেলে ফসল রক্ষা করা কঠিন হয়ে পড়ে। এতে উৎপাদন কমে যাওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে সরবরাহ বাড়বে এবং দামও কমে আসতে পারে।

বাজার করতে আসা জেবিন তালুকদার বলেন, কয়েক দিন আগেও যে কাঁচামরিচ ২০০ টাকার মধ্যে পাওয়া গেছে, সেটিই এখন ৩২০ টাকা কেজি। তাঁর ভাষায়, ‘বৃষ্টির কারণে কিছুটা দাম বাড়তে পারে, কিন্তু এত বেশি দাম সাধারণ মানুষের জন্য বড় চাপ তৈরি করেছে।’

ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়া অনুকূলে এলে খেত থেকে সরবরাহ বাড়বে। তখন কাঁচামরিচ ও অন্যান্য সবজির দামও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!