অর্থনীতি

মাছের বাজারে নতুন দফায় অস্থিরতা, বেড়েছে ডিমের দামও

আপডেট: জুলা ৩১, ২০২৬ : ০৫:৩৪ এএম
মাছের বাজারে নতুন দফায় অস্থিরতা, বেড়েছে ডিমের দামও

রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে মাছ ও ডিমের দাম। সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম। বিশেষ করে সামুদ্রিক মাছের দাম এতটাই চড়া যে, অধিকাংশ মাছই এখন কেজিপ্রতি হাজার টাকার নিচে মিলছে না। তবে গরুর মাংস ও ব্রয়লার মুরগির দামে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। গরিবের মাছ হিসেবে পরিচিত পাঙাশের দামও ২০০ টাকার সীমা পেরিয়েছে। বর্তমানে জীবিত পাঙাশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৬০ টাকায়। রুই, কাতলা, মৃগেল ও পোয়াসহ চাষের অন্যান্য মাছের দামও বেড়েছে।

বাজারে মান ও আকারভেদে চিংড়ি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, রুই ৩০০ থেকে ৪৫০ টাকা এবং টেংরা ৭০০ টাকায়। এ ছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারের রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে কেজিপ্রতি হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।

রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারের মাছ বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, বাজারে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া গেলেও দাম অনেক বেশি। তাঁর ভাষ্য, আকার ও মানভেদে ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ৩ হাজার ২০০ টাকা, সাদা রূপচাঁদা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, লাল কোরাল ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, সামুদ্রিক সুরমা ৭০০ টাকা এবং টুনা মাছ ৮৫০ থেকে ১ হাজার টাকা কেজি দরে।

মাছের পাশাপাশি ডিমের দামও বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে ফার্মের মুরগির ডিমের ডজন ১০ থেকে ১৫ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫৫ টাকায়।

মাংসের বাজারে গরুর মাংসের দাম স্থিতিশীল রয়েছে। কেজিপ্রতি ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস। খাসির মাংসের দাম রয়েছে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা।

অন্যদিকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকায়। মুরগি ব্যবসায়ী ইলিয়াস হোসেন বলেন, গত সপ্তাহের তুলনায় মুরগির দামে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। প্রতিদিন ৫ থেকে ১০ টাকা ওঠানামা করলেও এখন ব্রয়লার ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে মাছ কিনতে আসা রুবেল আহমেদ বলেন, মাছের দাম এখন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। প্রায় সব ধরনের মাছের দাম বেড়েছে, ফলে সংসারের খরচ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!