দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সাবেক সভাপতি মো. ফজলুল হক।
রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাঁকে এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ট্রেড অর্গানাইজেশনস আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। সংগঠনটির কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং বাণিজ্য, ব্যবসা ও শিল্প খাতের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী, দায়িত্ব গ্রহণের পরবর্তী ১২০ দিনের মধ্যে এফবিসিসিআইয়ে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে প্রশাসককে।
মো. ফজলুল হক দেশের তৈরি পোশাকশিল্প, বিশেষ করে নিটওয়্যার খাতের একজন অভিজ্ঞ উদ্যোক্তা। তিনি এর আগে বিকেএমইএর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে দেশের রপ্তানিমুখী শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!