অর্থনীতি

জুলাইয়ে পণ্য রপ্তানিতে ১২.৫ শতাংশ প্রবৃদ্ধি, ঘুরে দাঁড়িয়েছে পোশাক খাত

আপডেট: আগ ০৪, ২০২৬ : ০৫:৪৫ এএম ১১
জুলাইয়ে পণ্য রপ্তানিতে ১২.৫ শতাংশ প্রবৃদ্ধি, ঘুরে দাঁড়িয়েছে পোশাক খাত

নতুন অর্থবছরের শুরুতেই দেশের পণ্য রপ্তানিতে ইতিবাচক ধারা দেখা গেছে। জুলাই মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি আগের মাসের তুলনায় ১২ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। একই সময়ে প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকেও (আরএমজি) উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

সোমবার প্রকাশিত সর্বশেষ রপ্তানি তথ্য অনুযায়ী, জুলাই মাসে দেশের মোট পণ্য রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৩ বিলিয়ন মার্কিন ডলার। আগের মাস জুনে এ পরিমাণ ছিল ৪ দশমিক ২০ বিলিয়ন ডলার।

রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাতে জুলাইয়ে রপ্তানি হয়েছে ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলারের পণ্য। জুন মাসে এ খাতের রপ্তানি ছিল ৩ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। এক মাসের ব্যবধানে খাতটিতে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৭৩ শতাংশ।

রপ্তানি গন্তব্যের মধ্যে জুলাই মাসে সবচেয়ে বড় বাজার ছিল যুক্তরাষ্ট্র। দেশটিতে ৯১৮ দশমিক ৭৪ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় সামান্য, অর্থাৎ শূন্য দশমিক ২৫ শতাংশ বেশি।

দ্বিতীয় বৃহত্তম বাজার ছিল জার্মানি, যেখানে রপ্তানি হয়েছে ৪৯৫ দশমিক ৩০ মিলিয়ন ডলারের পণ্য। তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্যে রপ্তানির পরিমাণ ছিল ৪৭৮ দশমিক ৪২ মিলিয়ন ডলার।

প্রধান রপ্তানি বাজারগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে ভারত ও সৌদি আরবে। ভারতে রপ্তানি বেড়েছে ১৫ দশমিক ৩০ শতাংশ এবং সৌদি আরবে বেড়েছে ১০ দশমিক ৬৪ শতাংশ।

রপ্তানি খাত–সংশ্লিষ্টরা মনে করছেন, তৈরি পোশাক খাতের এ পুনরুদ্ধার চলতি অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁদের আশা, সামনের শরৎকাল ও বছরের শেষের উৎসব মৌসুমকে কেন্দ্র করে নতুন রপ্তানি আদেশ, অপ্রচলিত বাজারে সম্প্রসারণ এবং নতুন পণ্য সংযোজনের মাধ্যমে এ প্রবৃদ্ধির ধারা আগামী মাসগুলোতেও অব্যাহত থাকবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!