চলতি ২০২৬–২৭ অর্থবছরের শুরুতেই প্রবাসী আয়ে শক্তিশালী প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। ১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত দেশে বৈধ চ্যানেলে ৩ দশমিক ১৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৪ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ৫৩৮ বিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু ২ আগস্ট প্রবাসী বাংলাদেশিরা ১৯৩ মিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। আর আগস্টের প্রথম দুই দিনে মোট রেমিট্যান্স এসেছে ২৭৩ মিলিয়ন ডলার।
গত বছরের আগস্টের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৬১ মিলিয়ন ডলার। সে হিসাবে চলতি মাসের প্রথম দুই দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৫১ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
এর আগে জুলাই মাসে দেশে আসে ২ দশমিক ৮৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা একক মাস হিসেবে উল্লেখযোগ্য উচ্চতায় পৌঁছায়। সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বাড়ায় রেমিট্যান্স প্রবাহে এ ইতিবাচক ধারা তৈরি হয়েছে এবং সামনের মাসগুলোতেও তা অব্যাহত থাকতে পারে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!