দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
শুক্রবার চট্টগ্রামে দুই দিনের দাপ্তরিক সফরের প্রথম দিনে ঐতিহ্যবাহী গণি বেকারি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ ও ৮ আগস্ট চট্টগ্রাম সফর করছেন গভর্নর মো. মোস্তাকুর রহমান। সফরকালে তিনি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন দাপ্তরিক সভায় অংশ নেবেন। পাশাপাশি নগরীতে বাংলা কিউআর প্রচারণা কার্যক্রমেও অংশ নেবেন তিনি।
সফরের প্রথম দিনে গণি বেকারি থেকে ঐতিহ্যবাহী বেলা বিস্কুট কেনেন গভর্নর। পরে বাংলা কিউআরের মাধ্যমে এর মূল্য পরিশোধ করেন তিনি। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেন গভর্নর।
মো. মোস্তাকুর রহমান বলেন, গণি বেকারির মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে বাংলা কিউআরের ব্যবহার দেশে ডিজিটাল লেনদেনের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা এবং এর প্রতি মানুষের আস্থার প্রতিফলন।
তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল পেমেন্টের প্রসার লেনদেনে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি ব্যয় কমানো এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বাংলা কিউআর গ্রহণের আহ্বান জানিয়ে গভর্নর বলেন, এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে আরও বেশি প্রতিষ্ঠানকে যুক্ত করে ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগে সবাইকে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর সারা দেশে দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এটি একটি আন্তঃপরিচালনযোগ্য, নিরাপদ ও সহজ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
বাংলা কিউআর ব্যবস্থার বিস্তারের ফলে নগদ অর্থের ব্যবহার কমার পাশাপাশি দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় আরও স্বচ্ছতা ও গতি আসবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!