অর্থনীতি

চাল, তেল, সার ও এলএনজিসহ ১২ ক্রয় প্রস্তাব অনুমোদন

আপডেট: আগ ১৩, ২০২৬ : ০৬:০৭ এএম
চাল, তেল, সার ও এলএনজিসহ ১২ ক্রয় প্রস্তাব অনুমোদন

দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং কৃষি ও জ্বালানি খাতের চাহিদা পূরণে চাল, চিনি, সয়াবিন তেল, মসুর ডাল, সার ও এলএনজিসহ ১২টি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার অনুষ্ঠিত কমিটির ২০২৬ সালের ৩৭তম সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় বিবিধ বিষয়সহ মোট ১৫টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। আলোচনা শেষে ১২টি প্রস্তাব অনুমোদন এবং দুটি প্রস্তাব প্রত্যাহার করা হয়।

এক লাখ টন চাল আমদানি

খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ভিয়েতনাম থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে এক লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ৫১৫ কোটি ৪ লাখ ৯৬ হাজার টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইন্দোনেশিয়ার পিটি ট্রিনিটি কাহয়া এনার্জি থেকে ১৫৭ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ২৫ হাজার মেট্রিক টন চিনি এবং ২৮২ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে দুই কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

এ ছাড়া স্থানীয় প্রতিষ্ঠান নাবিল নব ফুডস লিমিটেড থেকে প্রায় ৭৯ কোটি টাকা ব্যয়ে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে।

তবে বাণিজ্য মন্ত্রণালয়ের পাম অলিন কেনার একটি প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে।

আমদানি করা হবে ১ লাখ ১০ হাজার টন সার

কৃষি উৎপাদন নির্বিঘ্ন রাখতে বিভিন্ন ধরনের সার আমদানির তিনটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের আওতায় সৌদি আরবের সাবিক থেকে ২০৯ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে।

অন্যদিকে কৃষি মন্ত্রণালয়ের আওতায় মরক্কোর ওসিপি নিউট্রিক্রপসের সঙ্গে জিটুজি চুক্তির অধীনে ৪৪১ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি এবং ২৫১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার কারখানার কারিগরি সহায়তাসংক্রান্ত একটি প্রস্তাব অবশ্য প্রত্যাহার করা হয়।

ছয় কার্গো এলএনজি কেনার অনুমোদন

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্যাসের চাহিদা মেটাতে বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এর মধ্যে যুক্তরাজ্যের ব্ল্যাককিউব ইন্টারন্যাশনাল থেকে দুই কার্গো, ওমানের ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল থেকে দুই কার্গো এবং হংকংয়ের ঝেনইউ শিপিং থেকে দুই কার্গো এলএনজি কেনা হবে।

এ ছাড়া ২০২৬ থেকে ২০৩৮ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের গানভর ইউএসএ থেকে মোট ১১৭ কার্গো এলএনজি আমদানির একটি প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।

ফ্যামিলি কার্ডের জন্য ৩২১ কোটি টাকার ট্যাব

সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ‘এসএসপিরিট’ প্রকল্পের মাধ্যমে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য অ্যান্ড্রয়েড ট্যাব কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৩২০ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে এসব ট্যাব কেনা হবে। প্রকল্পটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন।

এ ছাড়া অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন চট্টগ্রাম কাস্টমস হাউসের মড্যুলার ডাটা সেন্টার ও আইটি অবকাঠামো স্থানান্তরের জন্য স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়ামের অনুকূলে ২ কোটি ২৩ লাখ টাকার ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কুমিল্লা সড়ক জোনের একটি প্যাকেজের পুনঃদরপত্রের (রি-টেন্ডার) প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!