অর্থনীতি

এডিবির নতুন সহায়তা রূপরেখা, বছরে মিলবে ১০০ কোটি ডলারের বেশি

আপডেট: আগ ১৪, ২০২৬ : ০৫:৪০ এএম
এডিবির নতুন সহায়তা রূপরেখা, বছরে মিলবে ১০০ কোটি ডলারের বেশি

বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় সহায়তা বাড়াতে প্রতি বছর ১০০ কোটি ডলারের বেশি অর্থায়নের একটি রূপরেখা তৈরি করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সরকারের সঙ্গে যৌথভাবে ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ (আইজিএনডি) উদ্যোগের আওতায় এ অর্থায়নের পরিকল্পনা করা হয়েছে।

এডিবির দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া বিষয়ক সহসভাপতি ইংমিং ইয়াংয়ের পাঁচ দিনের বাংলাদেশ সফর শেষে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে এডিবির ঢাকা কার্যালয়।

সফরকালে এডিবির পরবর্তী কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস) প্রণয়ন, সরকারের গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি এবং আইজিএনডি উদ্যোগ বাস্তবায়ন নিয়ে সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করেন ইংমিং ইয়াং।

অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে জোর

বাংলাদেশ বর্তমানে উন্নয়নযাত্রার একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে উল্লেখ করে এডিবির সহসভাপতি বলেন, দেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ করা এবং বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক ধাক্কা মোকাবিলার সক্ষমতা বাড়ানো এখন জরুরি।

সরকারের নেতৃত্বাধীন আইজিএনডি উদ্যোগ আঞ্চলিক যোগাযোগ ও উৎপাদনশীলতা বাড়িয়ে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির পথ তৈরি করবে বলেও মন্তব্য করেন তিনি।

গত মে মাসে এডিবির সভাপতি মাসাতো কান্দার ঢাকা সফরের ধারাবাহিকতায় এবার সরকারের সঙ্গে যৌথভাবে আইজিএনডি উদ্যোগের আওতায় বছরে ১০০ কোটি ডলারের বেশি আর্থিক সহায়তার একটি কাঠামো তৈরি করা হয়েছে।

ব্যাংকিং ও জ্বালানি খাতে গুরুত্ব

সফরকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেন ইংমিং ইয়াং। বৈঠকে এডিবির পরবর্তী পাঁচ বছরের কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা হয়।

এ সময় ব্যাংকিং খাত ও মূলধনবাজারের উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং বেসরকারি খাতের মাধ্যমে অর্থনীতিতে বহুমুখীকরণের বিষয়গুলো গুরুত্ব পায়।

চট্টগ্রামে আয়োজিত আইজিএনডি–সংক্রান্ত জাতীয় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংমিং ইয়াং। সেখানে তিনি চট্টগ্রামকে বাংলাদেশের প্রধান সামুদ্রিক ও অর্থনৈতিক প্রবেশদ্বার হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, অবকাঠামো, লজিস্টিকস, জ্বালানি ও নগর উন্নয়নে সমন্বিত বিনিয়োগের মাধ্যমে অঞ্চলভিত্তিক প্রবৃদ্ধি আরও জোরদার করা সম্ভব।

জলবায়ু ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ

সফরকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে পৃথক বৈঠক করেন এডিবির সহসভাপতি।

এসব বৈঠকে জলবায়ু সহনশীল অবকাঠামো, ডিজিটাল রূপান্তর এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন

সফরের অংশ হিসেবে চট্টগ্রামে এডিবির অর্থায়নে পরিচালিত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ পরিদর্শন করেন ইংমিং ইয়াং।

সেখানে শিল্প খাতের চাহিদা অনুযায়ী তরুণদের কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ ছাড়া সফরকালে উন্নয়ন সহযোগী, গবেষণা সংস্থা ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন এডিবির সহসভাপতি। এসব মতামত এডিবির পরবর্তী কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজিতে বিবেচনায় নেওয়া হবে।

সফরজুড়ে ইংমিং ইয়াংয়ের সঙ্গে ছিলেন এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কিংসুয়েং ঝাং।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!