খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে না দেখে সম্ভাবনাময় অর্থনৈতিক কর্মকাণ্ড ও ক্যারিয়ার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে লাখ লাখ মানুষ সম্পৃক্ত। তাই স্পোর্টস ইকোনমিকে জাতীয় অর্থনীতির মূলধারায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ‘শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, শুধু বই পড়ার মধ্য দিয়ে একটি শিশুর পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও কারিগরি শিক্ষার সমন্বয়ের মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে। সুস্থ ও দক্ষ নাগরিক তৈরিতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের খেলার মাঠ, খেলোয়াড় ও ক্রীড়াঙ্গন নানা দিক থেকে পিছিয়ে পড়েছে। নতুন প্রজন্মকে খেলাধুলার সুযোগ-সুবিধার সঙ্গে যুক্ত করে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে হবে। এ জন্য স্কুল পর্যায় থেকেই শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
শিশুদের মাঠে ফেরানোর আহ্বান
বর্তমানে শিশু-কিশোরদের একটি বড় অংশ মোবাইল ফোনে অতিরিক্ত সময় ব্যয় করছে উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তাদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে আসতে হবে। পাশাপাশি সংস্কৃতিচর্চার সঙ্গেও তাদের যুক্ত করতে হবে।
প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করার ওপরও গুরুত্ব দেন তিনি। মন্ত্রী বলেন, রাষ্ট্রীয়ভাবে ক্রীড়াবিদদের সহযোগিতা এবং স্কুল পর্যায়ে খেলোয়াড়দের প্রয়োজনীয় উপকরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের জার্সি, ব্যাগ, জুতা ও যাতায়াতসহ প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে তাদের খেলাধুলায় উৎসাহিত করা হচ্ছে বলেও জানান তিনি।
শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির সমন্বয়
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ স্কুলের শিক্ষার্থীরা। তাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে হবে। একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও কারিগরি শিক্ষার সমন্বিত বিকাশ প্রয়োজন।
ক্রীড়া সংগঠকদের দলাদলি ও বিভাজন পরিহার করে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা খেলাধুলাকে ভালোবাসেন, তাঁদের ক্রীড়ার উন্নয়নে এবং যারা সংস্কৃতিকে ভালোবাসেন, তাঁদের সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে ‘শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ কমিটির আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং বিএনপি চট্টগ্রাম মহানগরের সদস্যসচিব নাজিমুর রহমান বিশেষ অতিথির বক্তব্য দেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!