অর্থনীতি

দুই কার্গো এলএনজি কিনবে সরকার, ব্যয় ১,৮৫০ কোটি টাকার বেশি

আপডেট: আগ ১৮, ২০২৬ : ০৫:১৯ এএম
দুই কার্গো এলএনজি কিনবে সরকার, ব্যয় ১,৮৫০ কোটি টাকার বেশি

দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। অগ্রিম আয়করসহ (এআইটি) দুই কার্গো এলএনজি কিনতে সরকারের ব্যয় হবে প্রায় ১ হাজার ৮৫০ কোটি ৭৭ লাখ টাকা।

সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) ২০২৫-এর ১০৫(৩)(ক) বিধান অনুযায়ী আন্তর্জাতিক রিকোয়েস্ট ফর কোটেশন (আরএফকিউ) পদ্ধতিতে এলএনজি কেনার প্রস্তাবটি উপস্থাপন করে।

দুই কার্গোর দাম

প্রস্তাব অনুযায়ী, আগামী ২৩ ও ২৪ আগস্ট সরবরাহের জন্য এক কার্গো এলএনজি বিপি সিঙ্গাপুরের কাছ থেকে কেনা হবে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৮৭৮ মার্কিন ডলার। অগ্রিম আয়করসহ এ কার্গোর মোট মূল্য ৯২৭ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৮৩৩ টাকা ৯২ পয়সা।

অন্যদিকে, আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর সরবরাহের জন্য একই প্রতিষ্ঠানের কাছ থেকে আরও এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ কার্গোর প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ২১ দশমিক ৭৭৮ মার্কিন ডলার। অগ্রিম আয়করসহ এর মোট মূল্য ৯২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৩৬৯ টাকা ৯২ পয়সা।

দুই কার্গো এলএনজি কিনতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ১ হাজার ৮৫০ কোটি ৭৭ লাখ টাকা।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরকারি ক্রয় বিধিমালা ২০২৫-এর প্রযোজ্য বিধান অনুসরণ করে প্রস্তাবটি পর্যালোচনা শেষে অনুমোদন দিয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!