চলতি আগস্ট মাসের প্রথম ১৬ দিনে দেশে ১৭৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১২৬ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ৪১ দশমিক ৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৩ থেকে ১৬ আগস্ট—এই চার দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২৮ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছেন। চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪৬৪ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ৩৭৪ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৯০ কোটি ৫০ লাখ ডলার বা ২৪ দশমিক ২ শতাংশ।
রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী ধারা
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, নতুন অর্থবছরের শুরু থেকেই দেশে রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ার প্রতিফলন হিসেবেই এই প্রবৃদ্ধিকে দেখা হচ্ছে।
রেমিট্যান্সের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক বৈদেশিক খাতকে শক্তিশালী করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, প্রবাসী আয় গ্রহণকারী পরিবারগুলোর আয় ও ক্রয়ক্ষমতা বাড়ার পাশাপাশি অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ডেও রেমিট্যান্স ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!