অর্থনীতি

১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির অনুমোদন

আপডেট: আগ ২০, ২০২৬ : ০৫:২৫ এএম
১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির অনুমোদন

দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠানের সঙ্গে ইউরিয়া সার সরবরাহ চুক্তি এবং ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ৪০টি ড্রাইভিং সিমুলেটর কেনার প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন করা হয়।

সাত প্রতিষ্ঠান থেকে আসবে এলএনজি

জাতীয় স্বার্থ ও জরুরি পরিস্থিতিতে দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৪ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরকারি ক্রয় আইন ও সরকারি ক্রয়বিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে এ প্রস্তাব উপস্থাপন করে।

কমিটির এ সিদ্ধান্তের ফলে গ্যাসের সরবরাহে ঘাটতি মোকাবিলা এবং বিদ্যুৎ ও শিল্প খাতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আমদানি হবে ইউরিয়া সার

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সঙ্গে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের ইউরিয়া সার আমদানি-সংক্রান্ত চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক ক্রয় পরিকল্পনার আওতায় এ চুক্তি করা হবে।

৪০ প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং সিমুলেটর

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) বাস্তবায়নাধীন একটি প্রকল্পের আওতায় দেশের ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ৪০টি ড্রাইভিং সিমুলেটর কেনার প্রস্তাবও অনুমোদন করেছে কমিটি।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব সিমুলেটর সংগ্রহ করা হবে।

ঘোড়াশাল-পলাশ সার কারখানায় জাপানি প্রতিষ্ঠানের সহায়তা

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা প্রকল্পের জন্যও একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটির সাধারণ ঠিকাদার জাপানের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের (এমএইচআই) কাছ থেকে কারিগরি সহায়তা নেওয়া হবে।

কারখানার দৈনন্দিন উৎপাদন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনায় এ সহায়তা দেওয়া হবে। এ জন্য টেকনিক্যাল সার্ভিস (দ্বিতীয় ধাপ) চুক্তির আওতায় একক উৎস নির্বাচন পদ্ধতিতে পরামর্শক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির এসব সিদ্ধান্তের মাধ্যমে দেশে সার ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, কারিগরি প্রশিক্ষণের সক্ষমতা বাড়ানো এবং গুরুত্বপূর্ণ শিল্প প্রকল্পের উৎপাদন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ আরও জোরদার হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!