অর্থনীতি

বাংলা কিউআরে দৈনিক লেনদেন বেড়ে ১১০ কোটি টাকা

আপডেট: আগ ২৪, ২০২৬ : ০৫:২৫ এএম
বাংলা কিউআরে দৈনিক লেনদেন বেড়ে ১১০ কোটি টাকা

‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর দেশে বাংলা কিউআরের ব্যবহার দ্রুত বেড়েছে। গত এক সপ্তাহে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক গড়ে ৩ লাখ ৩ হাজার লেনদেন হয়েছে। এসব লেনদেনের আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে গড়ে ১১০ কোটি ৩৮ লাখ টাকা।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এক দেশ, এক কিউআর’ উদ্যোগের আওতায় গত ১ জুলাই থেকে বাংলাদেশে সব ধরনের নিজস্ব কিউআর কোডের পরিবর্তে একক বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর পর থেকেই বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে।

জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন হতো। তখন এসব লেনদেনের আর্থিক পরিমাণ ছিল দৈনিক গড়ে ৩৭ কোটি ৩৩ লাখ টাকা।

গত এক সপ্তাহের হিসাবে লেনদেনের সংখ্যা বেড়ে প্রায় ৩ লাখ ৩ হাজারে পৌঁছেছে। একই সময়ে লেনদেনের দৈনিক গড় আর্থিক পরিমাণ বেড়ে হয়েছে ১১০ কোটি ৩৮ লাখ টাকা। অর্থাৎ, জুলাইয়ের শুরুর তুলনায় লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ এবং অর্থের পরিমাণ প্রায় তিন গুণ হয়েছে।

এদিকে বাংলা কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যাও বেড়েছে। ২১ জুলাই পর্যন্ত বাংলা কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যা প্রায় ১৬ লাখ থাকলেও বর্তমানে তা ৩০ লাখ ছাড়িয়েছে।

বাংলা কিউআর সেবা সম্প্রসারণে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, বাংলা কিউআরের ব্যবহার বাড়ার ফলে দেশে ডিজিটাল লেনদেন আরও বিস্তৃত হবে। একই সঙ্গে সহজ, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতেও এটি ভূমিকা রাখবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!