ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করলে প্রতি ইউনিটের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে প্রণোদনা দেবে সরকার। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এ বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গত মঙ্গলবার জারি করেছে বিদ্যুৎ বিভাগ। এতে বলা হয়েছে, প্রজ্ঞাপনটি ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটের ব্যয় সর্বোচ্চ ৮ টাকা ধরে হিসাব করা হয়েছে। এর সঙ্গে উৎপাদন ব্যয়ের ওপর ২০ শতাংশ মুনাফা এবং ১ দশমিক ২৫ শতাংশ প্রিমিয়াম যোগ করে জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের মূল্য ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
তবে কোনো গ্রাহক নির্ধারিত ৮ টাকার চেয়ে কম খরচে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারলে সাশ্রয় হওয়া অর্থ তাঁর লাভ হিসেবে বিবেচিত হবে।
যাঁরা পাবেন প্রণোদনা
নেট মিটারিং নির্দেশিকা-২০২৫ অনুযায়ী, যেসব গ্রাহক ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবেন, তাঁরা এই প্রণোদনার আওতায় আসবেন। নিজস্ব ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলেই প্রণোদনা পাওয়া যাবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব গ্রাহক ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে প্রণোদনা পাবেন। অর্থাৎ বিশেষ এই সুবিধা কার্যকর থাকবে তিন বছর।
বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো সংশ্লিষ্ট গ্রাহকের তথ্য এবং জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ সংরক্ষণ করবে। প্রণোদনাসহ বিদ্যুতের মূল্য প্রতি তিন মাস অন্তর গ্রাহকের ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে। কোনো অবস্থাতেই এ অর্থ নগদে দেওয়া হবে না।
তবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির পর স্থাপন করা ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার ক্ষেত্রে এই বিশেষ প্রণোদনা প্রযোজ্য হবে না।
মানসম্মত যন্ত্রপাতি ব্যবহারের শর্ত
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ব্যবহৃত সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার, মিটারসহ সব যন্ত্রপাতি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) নির্ধারিত কারিগরি মানদণ্ড অনুযায়ী হতে হবে।
এ বিষয়ে নীতিগত সহায়তা পেতে গ্রাহকেরা বিদ্যুৎ বিভাগের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার এবং জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন।
সরকারের আশা, এই প্রণোদনার ফলে দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার বাড়বে। পাশাপাশি জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়ানো এবং দীর্ঘমেয়াদে টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও এটি ভূমিকা রাখবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!