অর্থনীতি

আগামীতে চট্টগ্রামই হবে দেশের বাণিজ্যিক হাব: অর্থমন্ত্রী

আপডেট: সেপ্টে ০২, ২০২৬ : ০৬:০২ এএম ১১
আগামীতে চট্টগ্রামই হবে দেশের বাণিজ্যিক হাব: অর্থমন্ত্রী

চট্টগ্রামকেন্দ্রিক উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন হলে এ অঞ্চলের অর্থনৈতিক চিত্র আমূল বদলে যাবে। অচিরেই চট্টগ্রাম দেশের প্রধান বাণিজ্যিক হাব হিসেবে গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার তার সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা ও কর্মকাণ্ডে চট্টগ্রামকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। চট্টগ্রামকে লজিস্টিকস হাব হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে চুয়েট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশ্ব দ্রুত পরিবর্তনশীল আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে বাংলাদেশকেও খাপ খাইয়ে নিতে হবে। তা না হলে বিশ্বমঞ্চে দেশ পিছিয়ে পড়বে।

এ জন্য শিক্ষার্থীদের সময়োপযোগী ও আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর ভাষায়, দেশের শিক্ষার্থীদের অসামান্য মেধা রয়েছে এবং দেশে অনেক উচ্চমানের গবেষকও আছেন। তাই সরকার গবেষণায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

তিনি বলেন, নতুন নতুন উদ্ভাবনের দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে। দেশের মধ্যে লুকিয়ে থাকা উদ্ভাবনী শক্তিকে খুঁজে বের করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্ভাবনী কাজকে অত্যন্ত পছন্দ করেন এবং বর্তমান সরকার এ খাতে ব্যাপক উদ্যোগ নিয়েছে।

চুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাসের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আইআর. ড. মোহাম্মদ আজুয়ান বিন মাওনসার। সভায় সভাপতিত্ব করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।

‘চুয়েট দেশের মেধার বাতিঘর’

গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, চুয়েট দেশের মেধার এক উজ্জ্বল বাতিঘর। এই প্রতিষ্ঠানের সম্ভাবনাকে সঠিকভাবে মূল্যায়ন ও পরিচর্যা করা গেলে এর সুফল পুরো দেশ পাবে।

ড. মোহাম্মদ আজুয়ান বিন মাওনসার বলেন, চুয়েটের শিক্ষাবিষয়ক অগ্রযাত্রা প্রশংসনীয়। মালয়েশিয়ার বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুয়েটের যৌথ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা যেতে পারে। এতে শিক্ষা ও গবেষণার ক্ষেত্র আরও এগিয়ে যাবে।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, চুয়েটের র‌্যাংকিং উন্নত করে অন্তত এশীয় পর্যায়ে নিয়ে যাওয়া এবং বিশ্বমানের গবেষণার পরিবেশ নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য। এ কাজে সরকারসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।

ছয় নতুন বাস উদ্বোধন

এর আগে সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি শুরু হয়। বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অর্থমন্ত্রী।

পরে ‘আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন’-এর উপহার দেওয়া ছয়টি নতুন বাসের উদ্বোধন করা হয়। এরপর চুয়েট গোলচত্বরে চট্টগ্রাম ওয়াসার দেওয়া সুপেয় পানির সংযোগ লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী। সেখানে তিনি একটি স্মারক বৃক্ষও রোপণ করেন।

পরে চুয়েটের ‘ক্লাব ফেস্ট’-এর বিভিন্ন স্টল এবং শিক্ষার্থীদের তৈরি ‘টিম ব্লিৎজার’-এর গো-কার্ট পরিদর্শন করেন তিনি।

আলোচনা সভা শেষে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে অতিথিদের পাশাপাশি চুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে চুয়েটের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। চুয়েট কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারী নুরুল্লাহ কোরআন তিলাওয়াত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সারওয়ার আলমগীরসহ চুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!