অর্থনীতি

সন্ধ্যায় আদানির বিদ্যুৎ সরবরাহ বেড়ে ১ হাজার ৪৫০ মেগাওয়াট

আপডেট: সেপ্টে ১৪, ২০২৬ : ০৫:০১ এএম
সন্ধ্যায় আদানির বিদ্যুৎ সরবরাহ বেড়ে ১ হাজার ৪৫০ মেগাওয়াট

ভারতের আদানি পাওয়ারের গড্ডা তাপবিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আবার শুরু হয়েছে। কারিগরি ত্রুটির কারণে তিন দিন বন্ধ থাকার পর আজ রোববার দুপুরে ইউনিটটি পুনরায় চালু করা হয়। সন্ধ্যায় এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বেড়ে ১ হাজার ৪৫০ মেগাওয়াটে দাঁড়ায়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য মোহাম্মদ জহুরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গড্ডা বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ থেকে আজ দুপুর ১২টা ৪ মিনিটে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়। ইউনিটটি পূর্ণমাত্রায় উৎপাদনে যাওয়ার পর সন্ধ্যা ৬টায় সরবরাহের পরিমাণ বেড়ে ১ হাজার ৪৫০ মেগাওয়াট হয়।

আদানি পাওয়ার সূত্র জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে ইউনিট-২-এর বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল।

২০১৭ সালে বাংলাদেশ ও আদানি পাওয়ারের মধ্যে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়। ওই চুক্তির আওতায় ভারতের ঝাড়খন্ডের গড্ডায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। চুক্তি অনুযায়ী, কেন্দ্রটি থেকে বাংলাদেশকে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার কথা রয়েছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, গত আগস্টের মাঝামাঝি সময় থেকে আদানি পাওয়ার বাংলাদেশে প্রায় ৮০০ থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে আসছিল।

আদানির গড্ডা বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। বিপিডিবির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কেন্দ্রটি থেকে শুধু বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ করা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!