গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফেরার প্রস্তুতি নিচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। ইতিমধ্যে কারখানাটির অ্যামোনিয়া প্ল্যান্টে উৎপাদন শুরু হয়েছে। তবে ইউরিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এখনো সার উৎপাদন শুরু করা সম্ভব হয়নি।
সিইউএফএল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৯ সেপ্টেম্বর থেকে অ্যামোনিয়া উৎপাদন শুরু হয়েছে। ইউরিয়া প্ল্যান্টের ত্রুটি মেরামতের কাজ শেষ হলেই ইউরিয়া উৎপাদন শুরু করা হবে।
কারখানার মহাব্যবস্থাপক (বাণিজ্য) এস এম আবদুল্লাহ আল মামুন বলেন, এক সপ্তাহের বেশি সময় ধরে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে। এরই মধ্যে অ্যামোনিয়া প্ল্যান্ট চালু করা হয়েছে।
ইউরিয়া উৎপাদনের প্রধান দুটি কাঁচামাল হলো অ্যামোনিয়া ও কার্বন ডাই-অক্সাইড। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার পর অ্যামোনিয়া উৎপাদন শুরু করা সম্ভব হয়েছে। তবে ইউরিয়া প্ল্যান্ট চালুর আগে সেখানে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটিগুলো মেরামত করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ১২ সেপ্টেম্বর থেকে ইউরিয়া উৎপাদন শুরুর লক্ষ্য থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় বিভিন্ন যন্ত্রাংশে সমস্যা ও পাইপলাইনে মরিচাজনিত লিকেজ দেখা দিতে পারে। এসব সমস্যা সমাধানে কাজ চলছে।
সবকিছু ঠিক থাকলে শিগগিরই ইউরিয়া উৎপাদন শুরু হবে। উৎপাদন শুরু হলে প্রতিদিন প্রায় ১ হাজার টন ইউরিয়া সার উৎপাদন করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে দেশের সার সরবরাহে সিইউএফএল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
প্রতিদিন ৪০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) এক কর্মকর্তা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সার ও বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বর্তমানে সিইউএফএলে প্রতিদিন ৪০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ করা হচ্ছে। প্রয়োজন হলে সরবরাহ আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
সিইউএফএল শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) একটি প্রতিষ্ঠান। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় কর্ণফুলী নদীর মোহনায় প্রাকৃতিক গ্যাস থেকে নাইট্রোজেনসমৃদ্ধ প্রিল্ড ইউরিয়া সার উৎপাদনের জন্য কারখানাটি স্থাপন করা হয়।
দেশের কৃষি খাতে সার সরবরাহে সিইউএফএল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!