অর্থনীতি

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

আপডেট: সেপ্টে ১৫, ২০২৬ : ০৫:৫৩ এএম
পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর ক্ষেত্রে নতুন উৎপাদনশীলতার রেকর্ড হয়েছে। সৌদি আরবভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) বাংলাদেশ জানিয়েছে, একটি জাহাজে ঘণ্টায় সর্বোচ্চ ৫৮টি কনটেইনার বা ৮২ টিইইউ হ্যান্ডলিং করা হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর ‘এমভি ওয়ানেন’ নামের সিএমএ সিজিএমের একটি জাহাজে নতুন চালু হওয়া শিপ-টু-শোর (এসটিএস) ক্রেন ব্যবহার করে এই রেকর্ড করা হয়। এটি ছিল পতেঙ্গা টার্মিনালে প্রথমবারের মতো কোনো ক্রেনবিহীন বা গিয়ারলেস জাহাজে এসটিএস ক্রেন ব্যবহার করে কনটেইনার ওঠানো-নামানোর ঘটনা।

আরএসজিটি বাংলাদেশের দাবি, চট্টগ্রাম বন্দরে ঘণ্টায় গড়ে প্রায় ৩০টি কনটেইনার বা ৪৮ টিইইউ হ্যান্ডলিং হয়। সে হিসাবে নতুন রেকর্ডের উৎপাদনশীলতা প্রচলিত গড়ের প্রায় দ্বিগুণ।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, আধুনিক প্রযুক্তির সরঞ্জাম, আন্তর্জাতিক টার্মিনাল পরিচালনার অভিজ্ঞতা, উন্নত পরিচালন পদ্ধতি ও দক্ষ জনবলের সমন্বয়ে এ সাফল্য এসেছে। এর ফলে জাহাজের বন্দরে অবস্থানের সময় কমার পাশাপাশি জেটি ব্যবহারের দক্ষতা বাড়বে এবং জাহাজ পরিচালনার খরচও কমতে পারে।

আরএসজিটি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরউইন হাযে এক বিবৃতিতে বলেন, ‘ঘণ্টায় ৫৮টি মুভ বা ৮২ টিইইউ অর্জনের এই সাফল্য কেবল উৎপাদনশীলতার কোনো সাধারণ অর্জন নয়; এটি বাংলাদেশে আধুনিক বন্দর ব্যবস্থাপনার অপার সম্ভাবনাকে তুলে ধরে।’

তিনি বলেন, বিশ্বমানের প্রযুক্তি, আন্তর্জাতিক অভিজ্ঞতা, সুশৃঙ্খল পরিচালন পদ্ধতি ও দক্ষ জনবলের সম্মিলিত প্রচেষ্টায় এই মাইলফলক অর্জিত হয়েছে। গ্রাহক ও অংশীদারদের নিরাপদ, দক্ষ ও নির্ভরযোগ্য সেবা দিতে পরিচালনাগত মান আরও উন্নত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

২০২৪ সালের জুনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় পতেঙ্গা কনটেইনার টার্মিনালের পরিচালনার দায়িত্ব পায় সৌদি আরবের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান আরএসজিটি। দীর্ঘ মেয়াদে পিপিপির আওতায় পরিচালনার জন্য দেওয়া এটিই বাংলাদেশের প্রথম টার্মিনাল।

শুরুতে নানা প্রতিবন্ধকতার কারণে টার্মিনালটির পূর্ণ সক্ষমতা কাজে লাগানো সম্ভব হয়নি। তখন কনটেইনার ওঠানো-নামানোর হারও তুলনামূলক কম ছিল। তবে নতুন সরঞ্জাম যুক্ত হওয়ার পর টার্মিনালটির হ্যান্ডলিং সক্ষমতা বাড়ছে।

অত্যাধুনিক চারটি গ্যান্ট্রি ক্রেন যুক্ত হওয়ার আগে টার্মিনালটিতে জাহাজের নিজস্ব ক্রেন ব্যবহার করে কনটেইনার ওঠানো-নামানো হতো। পতেঙ্গা কনটেইনার টার্মিনালের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা প্রায় ৪ লাখ ৫০ হাজার টিইইউ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!