অর্থনীতি

বেকারি পণ্যের দাম বাড়ছে না আপাতত, ৭ দিনে প্রতিবেদন দেবে কমিটি

আপডেট: সেপ্টে ১৬, ২০২৬ : ০৫:১৪ এএম
বেকারি পণ্যের দাম বাড়ছে না আপাতত, ৭ দিনে প্রতিবেদন দেবে কমিটি

বিস্কিট ও ব্রেডের দাম বাড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছেন বেকারি খাতের ব্যবসায়ী নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে সভায় সম্প্রতি বেকারি পণ্যের দাম বাড়ানোর বিষয়ে ব্যবসায়ীদের ঘোষণা এবং এসব পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয় নিয়ে আলোচনা হয়। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় আলোচনার পর ব্যবসায়ী নেতারা বিস্কিট ও ব্রেডের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখতে সম্মত হন।

এদিকে বেকারি পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়, কাঁচামালের দাম, কর ও শুল্কসহ সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনায় একটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলার নেতৃত্বে গঠিত এ কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বেকারি পণ্যের দামসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় সরকার পক্ষ থেকে বলা হয়, ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনার পাশাপাশি জনস্বার্থ ও ভোক্তাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার উদ্যোগ নেওয়া হবে। যৌক্তিক দামে পণ্য সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা এবং বেকারি পণ্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!