অর্থনীতি

সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে করভার কমিয়ে ১ শতাংশ করল এনবিআর

আপডেট: সেপ্টে ১৭, ২০২৬ : ০৪:৪৩ এএম
সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে করভার কমিয়ে ১ শতাংশ করল এনবিআর

সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর সুবিধা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সুবিধার ফলে এসব পণ্য আমদানিতে মোট করভার ১৭ শতাংশ থেকে কমে ১ শতাংশে নেমেছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌরবিদ্যুৎ উৎপাদন দ্রুত বাড়াতে এ সুবিধা দেওয়া হয়েছে।

এনবিআর জানায়, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির অন্যতম উৎস সৌরবিদ্যুৎ খাতের প্রয়োজনীয় উপকরণ আমদানিতে আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে এসব পণ্যে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট ১৭ শতাংশ করভার ছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সৌরবিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূসক, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এখন এসব পণ্য আমদানিতে মোট করভার হবে ১ শতাংশ।

এনবিআর জানিয়েছে, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে। আগে বাণিজ্যিক আমদানিকারকদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য ছিল না। এখন শর্তসাপেক্ষে বাণিজ্যিক আমদানিকারকেরাও এ সুবিধা পাবেন।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সুবিধার ফলে সৌরবিদ্যুৎ প্রকল্পের ব্যয় কমবে এবং নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়বে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন আরও শক্তিশালী হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!