অর্থনীতি

১২ হাজার ৫৩৭ কোটি টাকায় জ্বালানি তেল, অতিরিক্ত এলএনজি কার্গো আমদানির অনুমোদন

আপডেট: সেপ্টে ১৭, ২০২৬ : ০৪:৪৭ এএম
১২ হাজার ৫৩৭ কোটি টাকায় জ্বালানি তেল, অতিরিক্ত এলএনজি কার্গো আমদানির অনুমোদন

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ১২ হাজার ৫৩৭ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে পরিশোধিত জ্বালানি তেল এবং একটি অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।

আজ বুধবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২৬ সালের ৪৫তম সিসিজিপি সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভায় মোট ১৩টি ক্রয় প্রস্তাব বিবেচনা করা হয়। এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাব ছিল জ্বালানি খাতের।

১২ হাজার ৫৩৭ কোটি টাকার জ্বালানি তেল

চলতি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে লোডিংভিত্তিক দরপত্রের প্রাক্কলন সংশোধন এবং প্রশাসনিক কার্যক্রম সম্পন্নের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ জ্বালানি তেল আমদানিতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৫৩৭ কোটি ৪৯ লাখ টাকা।

প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের সাধারণ ক্রয় চুক্তির (জিপিএ) আওতায় স্পট মার্কেট ক্রয় ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০:৫০ অনুপাতে পরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করা হবে।

এ জন্য বাছাই করা শীর্ষস্থানীয় পিডিসি লট সরবরাহকারীদের মধ্যে রয়েছে চীনের ইউনিপেক, ইন্দোনেশিয়ার বিএসপি এবং চীনের পেট্রোচায়না।

অতিরিক্ত এক কার্গো এলএনজি

এ ছাড়া বিদ্যমান দীর্ঘমেয়াদি দ্বিপক্ষীয় চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে একটি অতিরিক্ত এলএনজি কার্গো আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সিসিজিপি।

অনুমোদিত এলএনজি কার্গোটির নম্বর ৩০। এটি চলতি বছরের নভেম্বর মাসে সরবরাহ করা হবে। জেকেএমের তুলনায় প্রতি এমএমবিটিইউতে দশমিক ০২ মার্কিন ডলার কম দরে এ এলএনজি কেনা হবে।

সরকারের এসব অনুমোদনের ফলে দেশের চলমান জ্বালানি চাহিদা পূরণে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য ও প্রাকৃতিক গ্যাসের সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!