অর্থনীতি

সিগারেটের প্যাকেটে ব্যান্ডরোল ব্যবহারে নতুন বিধান এনবিআরের

আপডেট: সেপ্টে ১৮, ২০২৬ : ০৪:৫৪ এএম
সিগারেটের প্যাকেটে ব্যান্ডরোল ব্যবহারে নতুন বিধান এনবিআরের

উৎপাদিত ও আমদানি করা তামাকযুক্ত সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহারের পদ্ধতিতে নতুন বিধান যুক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য ‘উৎপাদিত বা আমদানিকৃত তামাকযুক্ত সিগারেটের মূল্য নির্ধারণসহ প্যাকেটে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার পদ্ধতি বিধিমালা, ২০১৯’ সংশোধন করা হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআরের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিভাগ। পরদিন ১৬ সেপ্টেম্বর এটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।

সংশোধিত বিধান অনুযায়ী, সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য, প্যাকেটে থাকা শলাকার সংখ্যা, প্যাকেটের ধরন ও নির্ধারিত নকশার ভিত্তিতে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার করতে হবে।

নতুন বিধান অনুযায়ী, প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৬৫ টাকা বা তার বেশি হলে ১০ শলাকার ‘শেল অ্যান্ড স্লাইড’ প্যাকেটে হালকা সবুজ নকশার ব্যান্ডরোল ব্যবহার করতে হবে। একই মূল্যসীমায় ১০ ও ২০ শলাকার ‘হার্ড অ্যান্ড সফট’ প্যাকেটে ব্যবহার করতে হবে হালকা খয়েরি নকশার স্ট্যাম্প।

প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৯২ টাকা বা তার বেশি হলে ১০ শলাকার ‘শেল অ্যান্ড স্লাইড’ প্যাকেটে হালকা গোলাপি নকশার ব্যান্ডরোল ব্যবহারের বিধান করা হয়েছে। এ মূল্যসীমায় ১০ ও ২০ শলাকার ‘হার্ড অ্যান্ড সফট’ প্যাকেটে ব্যবহার করতে হবে হালকা সবুজ নকশার স্ট্যাম্প।

এ ছাড়া প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ১৬০ টাকা বা তার বেশি হলে ১০, ১২ ও ২০ শলাকার ‘হার্ড অ্যান্ড সফট’ প্যাকেটে হালকা নীল নকশার স্ট্যাম্প ব্যবহার করতে হবে।

অন্যদিকে, প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ২১০ টাকা বা তার বেশি হলে ১০, ১২ ও ২০ শলাকার ‘হার্ড অ্যান্ড সফট’ প্যাকেটে হালকা মেরুন নকশার স্ট্যাম্প ব্যবহারের বিধান রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সিগারেটের প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য, শলাকার সংখ্যা, প্যাকেটের ধরন ও নির্ধারিত নকশা অনুযায়ী স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে বিধি ৬-এর বিধানও অনুসরণ করতে হবে।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় দেওয়া ক্ষমতাবলে বিধিমালার ৫ নম্বর বিধির উপবিধি (৪) পরিবর্তন করে নতুন উপবিধি প্রতিস্থাপন করা হয়েছে।

এনবিআরের আদেশক্রমে ভারপ্রাপ্ত সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন। সংশোধিত বিধান অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!