অর্থনীতি

জ্বালানি তেল কিনতে ছয় মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা

আপডেট: সেপ্টে ২৩, ২০২৬ : ০৫:২৬ এএম
জ্বালানি তেল কিনতে ছয় মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও জাহাজভাড়া বেড়ে যাওয়ায় গত ছয় মাসে জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ২৩ হাজার কোটি টাকা। মার্চ থেকে আগস্ট পর্যন্ত এই অতিরিক্ত ব্যয়ের পরিমাণ ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা।

বিপিসির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম  বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেদাম ও আমদানি ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। আমদানি ব্যয় বাড়লেও সরকার জনগণের কথা বিবেচনা করে এত দিন জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করেছে। এতে গত প্রায় ছয় মাসে বিপিসিকে অতিরিক্ত এই অর্থ ব্যয় করতে হয়েছে।

মাসে বাড়তি ব্যয় প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ধরনের জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ বেড়েছে। পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে বিপিসির অতিরিক্ত ব্যয় হয়েছে ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ প্রতি মাসে গড়ে প্রায় ৩ হাজার ৮১৩ কোটি টাকা করে বাড়তি ব্যয় হয়েছে।

বিপিসির চেয়ারম্যান বলেন, শুধু জ্বালানি তেলের দাম নয়, পরিবহন ও হ্যান্ডলিং ব্যয়ও বেড়েছে। আগে জাহাজভাড়া যেখানে ৩ থেকে ৪ ডলার ছিল, এখন তা বেড়ে ১৫ থেকে ১৭ ডলারে দাঁড়িয়েছে। ফলে এ খাতে ব্যয় আগের তুলনায় প্রায় চার থেকে পাঁচ গুণ বেড়েছে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম সমন্বয় না করা হলে বিপিসিকে প্রতি মাসে গড়ে ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে।

ডিসেম্বর পর্যন্ত মজুত আছে

বিপিসি সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সরবরাহে কোনো সমস্যা হবে না। পাশাপাশি আমদানিও অব্যাহত রয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমান আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় ডিজেলে বিপিসির লিটারপ্রতি লোকসান প্রায় ৭০ টাকা। এতে প্রতিদিন প্রায় ১০৯ কোটি টাকা লোকসান হচ্ছে। শুধু ডিজেলেই বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসান হতে পারে।

২০ টাকা দাম সমন্বয়ে লোকসান কমবে

বিপিসির চেয়ারম্যান জানান, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা সমন্বয় করা হলে বিপিসির বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা লোকসান কমানো সম্ভব হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!