অর্থনীতি

এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী

আপডেট: অক্টো ০৭, ২০২৬ : ০৪:৩৯ এএম ৫ ০
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী

দেশের উন্নয়ন ও টেকসই অর্থায়ন নিশ্চিত করতে এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে নীতি প্রণয়ন ও তা বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। অর্থমন্ত্রী বলেছেন, এনজিওগুলোর টেকসই অর্থায়নের পথ সুগম করতে এখন আর সময়ক্ষেপণের সুযোগ নেই।

আজ মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) সম্মেলন কক্ষে আয়োজিত ‘বিদেশনির্ভরতা পেরিয়ে: বাংলাদেশে এনজিও অর্থায়নের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছাতে এনজিওর ভূমিকা গুরুত্বপূর্ণ

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের বিভিন্ন সেবা সরাসরি প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে এনজিওগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন সংকট মোকাবিলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

‘আমরা শুধু শুনতে চাই না, কার্যকর রেসপন্স করতে চাই’—উল্লেখ করে তিনি বলেন, মানব উন্নয়ন, স্থানীয় সংস্কৃতি সংরক্ষণ এবং বেসরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি সমন্বিত কাঠামো প্রয়োজন।

তিনি বলেন, সৃজনশীল অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে এনজিও ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই অংশীদারিত্বকে আরও প্রাতিষ্ঠানিক ও নীতিগত কাঠামোর মধ্যে আনতে হবে।

প্রকল্প অনুমোদনে চার শর্ত

প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে চারটি বিষয় নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন অর্থমন্ত্রী। এগুলো হলো—‘ভ্যালু ফর মানি’, বিনিয়োগের বিপরীতে রিটার্ন, কর্মসংস্থান বা উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশগত বিবেচনা ও সুরক্ষা।

মন্ত্রী বলেন, এসব শর্ত পূরণ না হলে কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হবে না।

ঐতিহ্যবাহী পণ্যকে আন্তর্জাতিক বাজারে নেওয়ার তাগিদ

দেশের স্থানীয় কারুশিল্পের ঐতিহ্য তুলে ধরে আমির খসরু বলেন, শীতলপাটিসহ ঐতিহ্যবাহী পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে আধুনিক নকশা, মূল্য সংযোজন ও কার্যকর বিপণনব্যবস্থা গড়ে তুলতে হবে।

সেমিনারে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকী, পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!