অর্থনীতি

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

আপডেট: অক্টো ০৮, ২০২৬ : ০৫:৫৮ এএম ৩ ০
এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

দুটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে বাংলাদেশের মোট ২৭৫ মিলিয়ন মার্কিন ডলারের দুটি ঋণচুক্তি হয়েছে। একই সঙ্গে ২ দশমিক ৭২ মিলিয়ন ডলারের একটি অনুদান চুক্তিও সই হয়েছে।

বুধবার বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং চুক্তিতে সই করেন। এডিবির নির্বাহী পরিচালক সত্য শ্রীনিবাস লোল্লা এ সময় উপস্থিত ছিলেন।

আবাসন প্রকল্পে ১০০ মিলিয়ন ডলার

চুক্তির আওতায় প্রথম প্রকল্পটি হলো ‘ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট’। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) বাস্তবায়নাধীন এ প্রকল্পে এডিবি ১০০ মিলিয়ন ডলার ঋণ দেবে।

প্রকল্পটির মাধ্যমে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের জন্য সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন অর্থায়নের সুযোগ বাড়ানো হবে।

পার্বত্য চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ

দ্বিতীয় প্রকল্প ‘সাসটেইনেবল এনার্জি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি এমপাওয়ারমেন্ট ইন দ্য চট্টগ্রাম হিল ট্র্যাক্টস প্রজেক্ট’-এ এডিবি ১৭৫ মিলিয়ন ডলার ঋণ এবং ২ দশমিক ৭২ মিলিয়ন ডলার অনুদান দেবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিদ্যুৎ অবকাঠামোর জলবায়ু সহনশীলতা বাড়ানো এবং বিদ্যুৎনির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে।

দুটি ঋণেরই বার্ষিক সুদের হার ২ শতাংশ। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে এসব ঋণ পরিশোধ করতে হবে। দ্বিতীয় প্রকল্পের অনুদান এডিবি পরিচালিত জাপান ফান্ড ফর প্রস্পেরাস অ্যান্ড রেজিলিয়েন্ট এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (জেএফপিআর) থেকে দেওয়া হবে।

বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন সহযোগী এডিবি

১৯৭৩ সালে সদস্যপদ লাভের পর থেকে এডিবি বাংলাদেশের অন্যতম বৃহৎ বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী হিসেবে বিভিন্ন অগ্রাধিকার খাতে সহায়তা দিয়ে আসছে।

এ পর্যন্ত এডিবি বাংলাদেশকে ৩৬ দশমিক ৬৯ বিলিয়ন ডলার ঋণ এবং ৬৩৬ দশমিক ৫২ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!