পুঁজিবাজারে চলমান তারল্য সংকট মোকাবিলা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলের সীমা বাড়ানোর দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
সংগঠনটি প্রতিটি তফসিলি ব্যাংকের জন্য বিশেষ তহবিলের সীমা ২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা করার পাশাপাশি এর মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
এ বিষয়ে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের স্বাক্ষরিত একটি চিঠি গত ৬ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের কাছে দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানকেও দেওয়া হয়েছে।
মেয়াদ বাড়ানোর প্রস্তাব
ডিবিএ জানিয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগ ও এর উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের চালু করা বিশেষ তহবিল সুবিধা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সক্ষমতা বাড়ানো, বাজারের তারল্য ও স্থিতিশীলতা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে।
বর্তমানে প্রতিটি তফসিলি ব্যাংক সর্বোচ্চ ২০০ কোটি টাকা পর্যন্ত এ তহবিল গঠন করতে পারে। এ সুবিধার বর্তমান মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা।
ডিবিএর প্রস্তাব অনুযায়ী, তহবিলের সীমা বাড়িয়ে ৩০০ কোটি টাকা করার পাশাপাশি এর মেয়াদ ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০৩১ পর্যন্ত বাড়ানো উচিত।
বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও সুবিধা অব্যাহত রাখার দাবি
ডিবিএ মনে করে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে কেন্দ্র করে বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও বিশেষ তহবিল সুবিধা অব্যাহত ও সম্প্রসারিত করা হলে পুঁজিবাজারে তারল্য ও বাজারের গভীরতা বাড়বে। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থাও জোরদার হবে।
পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!