অর্থনীতি

চট্টগ্রাম ড্রাই ডক পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী

আপডেট: অক্টো ০৯, ২০২৬ : ০৫:১১ এএম ৩ ০
চট্টগ্রাম ড্রাই ডক পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী

দেশের অন্যতম জাহাজ মেরামত ও নির্মাণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি প্রতিষ্ঠানটির অবকাঠামোগত সুবিধা, জাহাজ মেরামত ও নির্মাণ কার্যক্রম এবং সার্বিক পরিচালনব্যবস্থা ঘুরে দেখেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির সক্ষমতা ও কারিগরি দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিডিডিএল পরিদর্শনে গেলে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ জয়নাল আবেদীন বাণিজ্যমন্ত্রীকে স্বাগত জানান।

১৯৮৫ সালে দেশের সামুদ্রিক খাতের উন্নয়ন, নিরাপত্তা ও শিল্পায়নের লক্ষ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে সিডিডিএল। পরবর্তী সময়ে বিভিন্ন কারণে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এরপর নৌবাহিনীর তত্ত্বাবধানে আন্তর্জাতিক মান বজায় রেখে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সিডিডিএল এ পর্যন্ত দেশি-বিদেশি ১ হাজার ৩৬টি জাহাজ মেরামত করেছে। পাশাপাশি কনটেইনারবাহী জাহাজ ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জন্য উল্লেখযোগ্যসংখ্যক পন্টুন নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি। জাহাজের ড্রাই ডকিংয়ের পাশাপাশি ভাসমান অবস্থায় মেরামতসেবাও দিয়ে থাকে তারা।

নির্মাণ হবে আধুনিক যুদ্ধজাহাজ

সরকারের ‘মেইড ইন বাংলাদেশ’ নীতির আলোকে প্রতিরক্ষা শিল্পে দেশীয় প্রযুক্তি ও সক্ষমতা বাড়াতে আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সিডিডিএল। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়ন, দক্ষ জনবল গড়ে তোলা এবং সম্ভাব্য সহযোগী প্রতিষ্ঠান নির্বাচনের কাজ এগিয়ে নেওয়া হয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশে ফ্রিগেটসহ আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে প্রতিরক্ষা শিল্পে দেশীয় উৎপাদন ও আত্মনির্ভরতা অর্জনের পথ আরও সুগম হবে।

বিভিন্ন শিল্প খাতেও অবদান

জাহাজ নির্মাণ ও মেরামতের পাশাপাশি দেশের বিভিন্ন মৌলিক শিল্প খাতেও কাজ করছে সিডিডিএল। চিনি, কাগজ ও পাল্প, ইস্পাত, সার ও রাসায়নিক শিল্প এবং বিদ্যুৎকেন্দ্রের জন্য বিভিন্ন ধরনের ইস্পাত কাঠামো, যন্ত্রপাতি, যন্ত্রাংশ, ট্যাংক, মেটাল রোলার, ইস্পাত সেতু ও বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার নির্মাণ করে প্রতিষ্ঠানটি।

আন্তর্জাতিক মানসম্পন্ন কার্যক্রম ও পরিচালন সক্ষমতার স্বীকৃতি হিসেবে সিডিডিএল আইএসও সনদ অর্জন করেছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এবং বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিআইএএ) সদস্য।

সিডিডিএলের বহুমুখী কার্যক্রম দেশের জাহাজ নির্মাণ ও মেরামত শিল্পের বিকাশ, সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা শিল্পে দেশীয় সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!