অর্থনীতি

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

আপডেট: অক্টো ০৯, ২০২৬ : ০৫:১৬ এএম ৩ ০
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। গতকাল বৃহস্পতিবার এ মানের সোনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

রুপার দাম অপরিবর্তিত

সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

বাজুসের নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৩১৬ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!