ব্যাংক খাতে খেলাপি ঋণ আদায় জোরদার, ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সুশাসন প্রতিষ্ঠায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলোর তদারকি বাড়ানো, ভালো ঋণগ্রহীতাদের প্রণোদনা দেওয়া এবং ঋণখেলাপি হওয়ার পেছনে থাকা কাঠামোগত দুর্বলতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে উপস্থাপিত এক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের এসব পরিকল্পনা ও উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী এক বছরের মধ্যে যেসব ব্যাংকের শ্রেণিকৃত ঋণের হার ১০ শতাংশের বেশি, সেসব ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার সঙ্গে প্রতি তিন মাস অন্তর আলোচনা করবে কেন্দ্রীয় ব্যাংক। এসব আলোচনায় ঋণ আদায়ের বাধা চিহ্নিত করে তা দূর করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮১ হাজার ২৩৭ কোটি ৫৬ লাখ টাকা। মোট ঋণের ৩১ দশমিক ৪১ শতাংশ এখন খেলাপি। তিন মাস আগে, গত ৩১ মার্চ খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৬৪ হাজার ১০৫ কোটি ৬৪ লাখ টাকা। ওই সময় মোট ঋণের ৩০ দশমিক ৯২ শতাংশ ছিল খেলাপি।
অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ১৩১ কোটি ৯২ লাখ টাকা। একই সময়ে মোট ঋণের তুলনায় খেলাপি ঋণের হার বেড়েছে শূন্য দশমিক ৪৯ শতাংশীয় পয়েন্ট।
শীর্ষ ২০ খেলাপির ঋণ আদায়ে নজর
খেলাপি ঋণ আদায়ে গতি আনতে ব্যাংকার্স সভায় শীর্ষ ২০ খেলাপি বা শ্রেণিকৃত ঋণগ্রহীতার কাছ থেকে অর্থ আদায়ের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হবে। পাশাপাশি যেসব ব্যাংকে খেলাপি ঋণের হার বেশি, সেগুলোর জন্য ঋণ পুনরুদ্ধার কৌশলবিষয়ক বিশেষ নির্দেশিকা তৈরি করা হবে। বিদ্যমান ঋণঝুঁকি ব্যবস্থাপনা নির্দেশিকাও হালনাগাদ করার পরিকল্পনা রয়েছে।
ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস-৯) অনুসরণ করে প্রত্যাশিত ঋণক্ষতি বা ‘এক্সপেক্টেড ক্রেডিট লস’ পদ্ধতি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ পদ্ধতিতে ঋণ থেকে সম্ভাব্য ক্ষতি আগেভাগে নিরূপণ এবং সে অনুযায়ী সংস্থান রাখার সুযোগ তৈরি হবে।
এ ছাড়া খেলাপি ও ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতাদের তালিকা প্রকাশের আইনগত দিকগুলো পর্যালোচনা করা হচ্ছে।
এ বিষয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের বিভাগীয় পরিচালক জ্যঁ পেম বলেছেন, ব্যাংক খাতে ছাড় দেওয়ার বিদ্যমান প্রবণতা ধীরে ধীরে বন্ধ করতে এ আলোচনা গুরুত্বপূর্ণ। খেলাপি ঋণ নিষ্পত্তির প্রক্রিয়া দ্রুত করতে আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি।
জ্যঁ পেমের মতে, ব্যাংক ও ঋণগ্রহীতা—উভয় পক্ষকে কার্যকর সমাধান খুঁজে বের করতে উৎসাহিত করার মতো প্রণোদনা তৈরি করতে হবে।
ঋণ আদায়ে কর্মকর্তাদের প্রণোদনা
মধ্যমেয়াদি পরিকল্পনার আওতায় আগামী দুই থেকে তিন বছরে খেলাপি ঋণ আদায়ে কার্যকর ভূমিকা রাখা ব্যাংক কর্মকর্তাদের বিশেষ প্রণোদনা দেওয়ার নীতিমালা তৈরি করবে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নিয়মিত ঋণ পরিশোধকারী ভালো গ্রাহকদের চিহ্নিত করা এবং তাঁদের প্রণোদনা দেওয়ার বিদ্যমান নীতিমালা পর্যালোচনা ও হালনাগাদ করা হবে।
এর মাধ্যমে ঋণ আদায়ে ব্যাংক কর্মকর্তাদের সক্রিয় করা এবং নিয়মিত ঋণ পরিশোধে গ্রাহকদের উৎসাহিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় আগামী চার থেকে পাঁচ বছরে ব্যাংকগুলোর সামগ্রিক ঋণ ব্যবস্থাপনা কাঠামো শক্তিশালী করার উদ্যোগ রয়েছে। ঋণ অনুমোদন, তদারকি, আদায় ও শ্রেণিকরণের প্রতিটি পর্যায়ে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি খেলাপি ঋণ সৃষ্টির পেছনে থাকা কাঠামোগত দুর্বলতা দূর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অর্থাৎ ঋণ খেলাপি হওয়ার পর শুধু আদায় তৎপরতা বাড়ানো নয়, বরং ঋণ বিতরণের শুরু থেকেই ঝুঁকি চিহ্নিত ও নিয়ন্ত্রণের ব্যবস্থা গড়ে তুলতে চায় কেন্দ্রীয় ব্যাংক।
খেলাপি ঋণ কমাতে একাধিক আইন সংস্কারের উদ্যোগ
খেলাপি ঋণের চাপ মোকাবিলায় ঋণ আদায়ের পাশাপাশি ব্যাংক খাতের আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো আধুনিকায়নের কাজও চলছে।
এ লক্ষ্যে ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া তৈরি করা হয়েছে। ব্যাংক খাতে সুশাসন জোরদার করার উদ্দেশ্যে প্রণীত খসড়াটি গত ২২ এপ্রিল আন্তঃমন্ত্রণালয় ও অংশীজনদের সভার সিদ্ধান্ত এবং ২৬ এপ্রিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনার পর সংশোধন করা হয়। সংশোধিত খসড়াটি গত ২৪ আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছে। এ বিষয়ে সর্বশেষ আন্তঃমন্ত্রণালয় ও অংশীজনদের সভা অনুষ্ঠিত হয় ২০ সেপ্টেম্বর।
ঋণ আদায় প্রক্রিয়া কার্যকর করতে অর্থঋণ আদালত (সংশোধন) আইন, ২০২৬ প্রণয়নের উদ্যোগও নেওয়া হয়েছে। আইনটি যুগোপযোগী করতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে।
এর আগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করে। কমিটি খসড়া প্রস্তাব তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইন ও বিচার বিভাগে পাঠায়। বর্তমানে সংশোধিত আইনের খসড়া তৈরিতে আরেকটি কমিটি কাজ করছে।
এ ছাড়া খেলাপি ঋণ আদায় বাড়াতে ‘দুর্দশাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনা আইন, ২০২৬’ প্রণয়নের কাজ চলছে। বিদ্যমান ১৯৯৭ সালের দেউলিয়াত্ব আইন আধুনিকায়ন করে ‘দেউলিয়াত্ব ও দেউলিয়া কার্যক্রম আইন, ২০২৬’ প্রণয়নের উদ্যোগও নেওয়া হয়েছে।
প্রস্তাবিত আইনের মাধ্যমে আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে দেউলিয়াত্ব ব্যবস্থাকে আধুনিক করা, সামগ্রিক দেউলিয়া কাঠামো শক্তিশালী করা এবং ঋণঝুঁকি ব্যবস্থাপনায় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা (আইএফসি) নতুন দেউলিয়াত্ব আইনের ইংরেজি খসড়া আধুনিক কাঠামোতে চূড়ান্ত করতে সহায়তা করেছে। খসড়াটি বাংলায় অনুবাদের জন্য আইএফসির সহায়তা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাংলা সংস্করণ চূড়ান্ত হলে পরবর্তী পদক্ষেপের জন্য তা আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হবে।
বাংলাদেশ ব্যাংকের এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে খেলাপি ঋণ আদায়ে তদারকি জোরদার, ঋণ বিতরণে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিয়মিত ঋণ পরিশোধে গ্রাহকদের উৎসাহিত করার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে আইনি কাঠামোর আধুনিকায়ন ও ঋণঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে ব্যাংক খাতে সুশাসন ও আর্থিক স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্য রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!