অর্থনীতি

অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯.৪০ শতাংশ

আপডেট: অক্টো ১০, ২০২৬ : ০৬:৩২ এএম ৩ ০
অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯.৪০ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি থেকে আয় বেড়েছে ৯ দশমিক ৪০ শতাংশ। এ সময়ে এসব বাজারে পোশাক রপ্তানি করে আয় হয়েছে ১৮১ কোটি ১৯ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১৬৫ কোটি ৬৩ লাখ ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে দেশের তৈরি পোশাক রপ্তানি থেকে মোট আয় হয়েছে ১ হাজার ৫৮ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৯৯৭ কোটি ডলার। সেই হিসাবে সামগ্রিক পোশাক রপ্তানি আয় বেড়েছে ৬ দশমিক ১০ শতাংশ।

প্রধান বাজারে ইউরোপীয় ইউনিয়ন শীর্ষে

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজারগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শীর্ষ অবস্থান ধরে রেখেছে। মোট পোশাক রপ্তানির ৪৬ দশমিক ৩৬ শতাংশ এসেছে এ বাজার থেকে। এ সময়ে ইইউতে পোশাক রপ্তানি করে আয় হয়েছে ৪৯০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৩৩ শতাংশ বেশি।

দ্বিতীয় বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি থেকেও আয় বেড়েছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে দেশটিতে ২২২ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। মোট পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের অংশ ২০ দশমিক ৯৯ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় দেশটিতে রপ্তানি আয় বেড়েছে ১০ দশমিক ৪০ শতাংশ।

যুক্তরাজ্য ও কানাডার বাজারেও বাংলাদেশের পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১২৯ কোটি ২১ লাখ ৩০ হাজার ডলার। মোট রপ্তানিতে দেশটির অংশ ১২ দশমিক ২১ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় যুক্তরাজ্যে রপ্তানি বেড়েছে ৫ দশমিক ৯৪ শতাংশ।

অন্যদিকে কানাডায় পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩৪ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ডলার। মোট রপ্তানিতে দেশটির অংশ ৩ দশমিক ৩১ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কানাডায় রপ্তানি আয় বেড়েছে ৩ দশমিক ৮৫ শতাংশ।

নিট পোশাকে প্রবৃদ্ধি বেশি

পোশাকের ধরন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে নিট পোশাক রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৮৮ শতাংশ। অন্যদিকে ওভেন পোশাক রপ্তানি বেড়েছে ৫ দশমিক ১১ শতাংশ। অর্থাৎ, আলোচিত সময়ে ওভেন পোশাকের তুলনায় নিট পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি বেশি হয়েছে।

সামগ্রিকভাবে, প্রচলিত বড় বাজারগুলোর পাশাপাশি অপ্রচলিত বাজারেও বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। তবে মোট পোশাক রপ্তানি আয়ে অপ্রচলিত বাজারের অবদান ছিল ১৭ দশমিক ১৩ শতাংশ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!