অর্থনীতি

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া

আপডেট: নভে ১২, ২০২৬ : ০৫:২৪ এএম ৮ ০
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া

বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া। এ জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মিস লিস্টিওয়াতি। একই সঙ্গে হালাল খাদ্যশিল্প, জ্বালানি, ওষুধ, রাসায়নিক পণ্য ও শিল্পের কাঁচামাল খাতে যৌথ উদ্যোগের সম্ভাবনার কথাও তুলে ধরেছেন তিনি।

গতকাল বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলনকক্ষে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় রাষ্ট্রদূত এসব কথা বলেন।

রাষ্ট্রদূত লিস্টিওয়াতি বলেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার সুযোগ রয়েছে। বিশেষ করে বাংলাদেশের ওষুধের গুণগত মানের প্রশংসা করে তিনি ইন্দোনেশিয়ায় এ দেশের ওষুধের বাজার সম্প্রসারণে কার্যকর ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান।

দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়, সমুদ্র ও বিমান যোগাযোগ উন্নয়ন এবং ভিসা প্রক্রিয়া সহজ করতে দূতাবাসের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সভায় চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। বাংলাদেশ দেশটি থেকে কয়লা, ক্লিংকার, পামওয়েল, জ্বালানি ও শিল্পের বিভিন্ন কাঁচামাল আমদানি করে। তবে দুই দেশের বাণিজ্যে বাংলাদেশের বড় ধরনের ঘাটতি রয়েছে। এ ঘাটতি কমাতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, হালাল খাদ্যশিল্প ও শিল্পের কাঁচামালসহ সম্ভাবনাময় খাতে যৌথ বিনিয়োগের মাধ্যমে আগামী পাঁচ বছরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব। এ লক্ষ্য অর্জনে ইন্দোনেশিয়ায় বাংলাদেশ থেকে অন্তত ১ বিলিয়ন ডলারের পণ্য আমদানির উদ্যোগ নিতে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন তিনি।

মোহাম্মদ আমিরুল হক আরও বলেন, বাংলাদেশি ব্যাংকের ঋণপত্র (এলসি) সরাসরি গ্রহণের ক্ষেত্রে ইন্দোনেশীয় কোম্পানিগুলোর অনীহা রয়েছে। এ সমস্যা সমাধানে দুই দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানো দরকার। পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য একাধিকবার প্রবেশের সুযোগসহ (মাল্টিপল এন্ট্রি) ভিসা চালু এবং ঢাকা-জাকার্তার মধ্যে সরাসরি বিমান ও নৌ-যোগাযোগ প্রতিষ্ঠার প্রস্তাব দেন তিনি।

সভায় সাবেক চেম্বার সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বাংলাদেশে রেলওয়ে ওয়ার্কশপের উন্নয়নের মাধ্যমে ইন্দোনেশিয়ার সহযোগিতায় রেল কোচ উৎপাদনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এ সময় ভিয়েতনামের অনারারি কনসাল এস এম আবু তৈয়ব, স্পেনের অনারারি কনসাল মিয়া এম আবদুর রহমান, কোরিয়ার অনারারি কনসুলেট মোহাম্মদ মহসিন, চেম্বারের সাবেক ও বর্তমান পরিচালক, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ইন্দোনেশীয় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!