অর্থনীতি

দেশে সারের মজুত ১৬ লাখ ৭ হাজার টন, কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশনা

আপডেট: নভে ১৩, ২০২৬ : ০৫:২১ এএম ৭ ০
দেশে সারের মজুত ১৬ লাখ ৭ হাজার টন, কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশনা

দেশে রাসায়নিক সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ মজুত ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন বেশি। আসন্ন রবি মৌসুমে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সারের প্রকৃত চাহিদা নিরূপণ, বরাদ্দ অনুযায়ী সরবরাহ এবং সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ডিলার যাতে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রি করতে না পারেন, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।

কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৬ লাখ ৬ হাজার ৯০০ মেট্রিক টন ইউরিয়া, ৪ লাখ ৭ হাজার মেট্রিক টন টিএসপি, ৩ লাখ ৩১ হাজার ১০০ মেট্রিক টন ডিএপি এবং ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন এমওপি সার মজুত রয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে মোট সারের মজুত ছিল ১৩ লাখ ৪৫ হাজার মেট্রিক টন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে মজুত উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশে সারের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ ৫ হাজার মেট্রিক টন। অর্থবছরের শুরু থেকে গত ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে ১৯ লাখ ৫০ হাজার ৫০০ মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ইউরিয়া ৮ লাখ ৭৪ হাজার ৩০০, টিএসপি ২ লাখ ৭৫ হাজার ৩০০, ডিএপি ৪ লাখ ৬৩ হাজার এবং এমওপি ৩ লাখ ৩৭ হাজার ৯০০ মেট্রিক টন।

এ ছাড়া নভেম্বর মাসে কৃষকদের চাহিদা পূরণে ৭ লাখ ১৪ হাজার ২০০ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে।

কৃত্রিম সংকট ঠেকাতে বাড়তি নজরদারি

সারের চাহিদা ও মজুত ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কয়েকটি নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে, চলতি মৌসুমে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের চাহিদা অনুযায়ী বরাদ্দ উত্তোলন নিশ্চিত করা এবং আগের চাহিদা, বরাদ্দ ও মজুতের তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে ঘাটতির আশঙ্কা রয়েছে এমন উপজেলা দ্রুত চিহ্নিত করা।

আসন্ন রবি মৌসুমের প্রকৃত চাহিদা নিরূপণ করে আগাম মজুত ও সরবরাহ পরিকল্পনা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে। একই সঙ্গে মাঠপর্যায়ের তথ্য যাচাই করে যথাসময়ে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। অতিরিক্ত বা কম চাহিদা দেখিয়ে বরাদ্দ প্রভাবিত করার প্রবণতা বন্ধেও সতর্ক করা হয়েছে।

সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে প্রতিটি ডিলারের দোকানে সরকার নির্ধারিত বিক্রয়মূল্য ও মজুতের তথ্য দৃশ্যমান স্থানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মজুতদারি, অতিরিক্ত দাম আদায়, কৃত্রিম সংকট সৃষ্টি এবং সীমান্ত দিয়ে সার পাচার রোধে ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

প্রকৃত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষক কার্ড ও কৃষকের তালিকা ব্যবহারের পাশাপাশি শিল্পকারখানায় কৃষি সারের অপব্যবহার বন্ধেও নজরদারি জোরদার করা হবে। জেলা ও উপজেলা সার মনিটরিং কমিটির নিয়মিত সভা আয়োজন এবং দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে মজুত ও বিক্রির প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কৃষকদের প্রয়োজনের অতিরিক্ত সার না কেনার অনুরোধ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রহিম বাসসকে বলেন, আসন্ন রবি মৌসুমে কৃষকদের কাছে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মাঠ প্রশাসন কাজ করছে। গত বছরের তুলনায় এবার সারের মজুত পরিস্থিতি সন্তোষজনক।

তিনি বলেন, কৃষকদের মধ্যে বিভ্রান্তি বা কৃত্রিম সংকটের আশঙ্কা দূর করতে মাঠপর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন। কৃষকদের প্রয়োজনের অতিরিক্ত সার কিনে বাড়িতে মজুত না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সব কৃষকই তাঁদের প্রয়োজনীয় সার পাবেন।

আবদুর রহিম আরও বলেন, কোনো ডিলার যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারেন এবং প্রকৃত কৃষকেরা যাতে সময়মতো সার পান, সে জন্য কঠোর নজরদারি চলছে। সারা দেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে ১৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা সরকারের পরিকল্পনা বাস্তবায়ন ও মাঠ প্রশাসনের কার্যক্রম সমন্বয় করবেন।

উত্তরাঞ্চলের ২৬ জেলায় বিশেষ নজরদারি

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বাসসকে বলেন, আসন্ন রবি মৌসুমে কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। গত বছরের তুলনায় এবার সারের মজুত পরিস্থিতি ভালো। কৃষকদের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কঠোর নজরদারি করছে।

তিনি বলেন, কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের হয়রানি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কঠোর তদারকির কারণে এবারও আমনের বাম্পার ফলন হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

কৃষি সচিব বলেন, দেশের খাদ্যনিরাপত্তায় উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ অঞ্চলে ফসলের নিবিড়তা বিবেচনায় আসন্ন রবি মৌসুমে সার সরবরাহ নির্বিঘ্ন রাখতে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের ২৬ জেলায় কৃষি মন্ত্রণালয়ের ২৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সার ব্যবস্থাপনা তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের পরিকল্পনা, সময়মতো সার উত্তোলন এবং সমন্বিত ব্যবস্থাপনার ফলে আসন্ন রবি মৌসুমে দেশে সারের কোনো ঘাটতি হবে না। কৃষকেরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার সময়মতো পাবেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!